‘ছুটির দিনে’ প্রতি বৈশাখে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় তরুণদের নিয়ে একটা বিশেষ সংখ্যা করে—এটা সবাই জানেন। সেখানে খেলাধুলা, চলচ্চিত্র নির্মাণ ও প্রযুক্তি নানা শাখার আলোকিত তরুণদের নিয়ে প্রশংসাসূচক লেখা ছাপা হয়—এটাও সবাই জানেন। এখানে নাম নির্বাচনের ক্ষেত্রে যেহেতু ভবিষ্যতের কথা ভাবা হয়, সেহেতু শ্রুতিচিত্র মাধ্যমের সম্ভাবনাময় পরিচালক হিসেবে এই পর্যন্ত যাঁদের নির্বাচন করা হয়েছে, তাঁরা সবাই টেলিভিশনমাধ্যমে কাজ করে মোটামুটি একধরনের পরিচিতি পেয়েছেন—তা-ও সবার জানা। এই অধমকে দিয়ে প্রথম সংখ্যাটা শুরু হয়ে এ পর্যন্ত নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, মেজবাউর রহমান সুমন, আশুতোষ সুজন ও রেদওয়ান রনিদের নিয়ে লেখা হয়েছে। এর একটা কারণ বোধ হয় এই যে, আমাদের ভবিষ্যতের ছবি নির্মাতাদের প্রজননক্ষেত্র হিসেবে টেলিভিশন একটা বড় ভূমিকা রাখছে। গত বছর রটারডাম উৎসবের নেটপ্যাক সেমিনারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।এ বছর ‘ছুটির দিনে’ প্রথমবারের মতো দুজন পরিচালককে আলোচনার জন্য নির্বাচন করেছে। একজন ইফতেখার আহমেদ ফাহমি, টেলিভিশনে কাজ করে ইতিমধ্যে আলোচিত। আরেকজন ইশতিয়াক জিকো। এই কথা বলামাত্রই অবধারিত প্রশ্ন, ‘কে এই ইশতিয়াক জিকো? তাঁকে নিয়ে লেখার কী হলো?’ পুরো নাম ইশতিয়াক আইয়ূব। চেনা মহলে জিকো নামে তার পরিচিতি। জিকোর বিশেষভাবে প্রণিধানযোগ্য দিক কী কী? তিনি বিড়ালপ্রেমিক ও বিড়ালস্বভাবা। লেখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এটা নয়। তাঁর ওয়েবসাইটে লেখা আছে, তিনি ন্যাটা, মানে বাঁ-হাতের কাজ বেশি করেন, এটাও তেমন বিশেষ কিছু নয়। তিনি গণিতের ছাত্র। গণিত ভালো বোঝেন, এটাও বিশেষ কিছু নয়। বিশেষ যেটি সেটি হলো, ইশতিয়াক জিকোর প্রথম অফিসিয়ালি মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ছবি ৭২০০ গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। আমার জানামতে কান, ভেনিস, বার্লিন লোকার্নো আর সানড্যান্স—এই পাঁচটি শীর্ষ প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের কোনো একটিতে অফিসিয়ালি নির্বাচিত বাংলাদেশের একমাত্র ছবি এটি। স্বল্প আর পূর্ণদৈর্ঘ্য মিলিয়েই সবেধন নীলমণি এই ৭২০০। তারেক মাসুদের মাটির ময়না কান উৎসবের একটা স্বতন্ত্র বিভাগ ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ নির্বাচিত হয়েছিল। ডিরেক্টরস ফোর্টনাইট খুবই সম্মানজনক একটা প্লাটফর্ম হলেও এটা ঠিক সরাসরি কান উৎসবের অফিসিয়াল শাখা নয়। সেই বিচারে দেখা যাচ্ছে, ‘ছুপা রুস্তম’ জিকো একটা বড় কাণ্ডই ঘটিয়ে বসেছে।আগেই বলেছি, জিকো টেলিভিশন থেকে আসেনি। সে এসেছে স্বল্পদৈর্ঘ্যের জগৎ থেকে এবং অন্য সবার মতো পূর্ণদৈর্ঘ্যের ছবি বানানোর কোনো পরিকল্পনা এ পর্যন্ত তার নেই। সে ভাবে ছোট ছবি, বানায় ছোট ছবি, ঘুমায় ছোট ছবি, খায় ছোট ছবি। আগামী দুই-তিন বছরের পরিকল্পনাতেও কেবল ছোট ছবি আছে। তরুণতরদের নিয়ে কর্মশালা করে তাদেরও ছোট ছবি বানাতে উদ্বুদ্ধ করছে। বেশ কিছু ছোট ছবি একসঙ্গে করে ছোট ছবির নিয়মিত প্রদর্শনী করার পরিকল্পনাও আছে তার মাথায়।এ বছরই জিকো একটা নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে। শ্রীলঙ্কার ভিমুক্তি জয়াসুন্ধারা, থাইল্যান্ডের আদিত্য আসারাতসহ পাঁচটি দেশের পাঁচজন চলচ্চিত্রকার মিলে একটা পূর্ণদৈর্ঘ্য আকৃতিক ছবি করছে। প্রত্যেকেই ২০ থেকে ২৫ মিনিটের আলাদা আলাদা, কিন্তু ভাবগত দিক থেকে সম্পর্কযুক্ত গল্প নিয়ে ছবি করবে। ছবির নাম সাউথইস্ট লাভস। এটি এ বছর পুসান উৎসবের কো-প্রোডাকশন মার্কেট এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছিল। সেখানে বাংলাদেশের আরও একটা প্রজেক্ট ছিল। আবু শাহেদ ইমনের এশিয়ান সিনেমা ফান্ড-পুরস্কৃত পূর্ণদৈর্ঘ্য ছবি একজন ভালো পুলিশের গল্প। ইমন পুসানের এশিয়ান ফিল্ম একাডেমির অ্যালামনাই। জিকো বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসের অ্যালামনাই। সাইমন কামরান নামের আরেক বাংলাদেশি তরুণ বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসে গেল এ বছর। আশা করছি, আগামী বছর বাংলাদেশের আরও কিছু তরুণ এশিয়ান ফিল্ম একাডেমি বা বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসে যাবে। বাংলাদেশের আরও কিছু চিত্রনাট্য এশিয়ান সিনেমা ফান্ড, হুবার্ট বলস ফান্ড বা আরও কিছু উল্লেখযোগ্য জায়গায় নির্বাচিত হবে। বাংলাদেশের আরও কিছু ছবি বড় উৎসবে যাবে। দেশের বাজারেও ভালো চলবে দেশের ছবি। আমি তো সব মিলিয়ে বড় সম্ভাবনাই দেখি, আলোর নাচনই দেখি। যেই আলোর একটা উজ্জ্বল অংশ আছে ইশতিয়াক জিকো। ভ্রাতঃ, অঞ্জলি লহ মোর।