ইশতেহারের অনেক কাজ হয়নি, কিছু নতুন উদ্যোগ আছে
২০১০ সালের ১৭ জুন বহুল আলোচিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মন্জুর আলম। নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়, তার শিরোনাম ছিল ‘পরিবর্তন-একটি উন্নত চট্টগ্রামের জন্য’। নির্বাচিত হওয়ার এক বছর পর চট্টগ্রাম শহরের কতটুকু পরিবর্তন হলো, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিএনপিতে নতুন যোগ দেওয়া মন্জুর আলম নির্বাচনে অংশ নেন পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে। নির্বাচন উপলক্ষে প্রকাশিত ইশতেহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়। স্বল্পমেয়াদি কর্মসূচির মধ্যে অনেক কাজ গত এক বছরের মধ্যে শুরুর উদ্যোগ নেওয়া যেত। কিন্তু সেই উদ্যোগও যথাযথভাবে নেওয়া হয়নি বলে জানা গেছে।তবে নির্বাচনী ইশতেহার-সংশ্লিষ্ট কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে মেয়র মন্জুর আলম জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি হুটহাট করে কিছু করি না। যা করি তা আইনকানুন মেনে পরিকল্পিতভাবে করি। এ জন্য হয়তো সময় বেশি লাগছে বলে মনে হতে পারে।’স্বল্পমেয়াদি প্রকল্প: শুরুতেই উল্লেখ করা হয়, নগরের জলাবদ্ধতা নিরসনের কথা। এরপর নতুন সড়ক, উড়াল সড়কের নেটওয়ার্ক, গাড়ি পার্কিংয়ের স্থান ও প্রশস্ত ফুটপাত নির্মাণের কথা বলা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়াসহ ১৭টি সুনির্দিষ্ট বিষয়ের উল্লেখ করা হয়। এগুলোর মধ্যে ছিল—কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত সব খালে স্লুইসগেট নির্মাণ, এ জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ, চাক্তাই খাল পুনঃ খননসহ প্রয়োজনীয় নালা-নর্দমা নির্মাণ ও সংস্কারের কথা বলা হয়। আরও ছিল বেকার যুবকদের কর্মসংস্থান, গৃহকর প্রদান সহজীকরণ, সিটি বাস সার্ভিসের আধুনিকায়ন, মশার উপদ্রব কমাতে ব্যবস্থা নেওয়া, জিমনেশিয়াম প্রতিষ্ঠা ইত্যাদি।মধ্যমেয়াদি কার্যক্রম: এর মধ্যে ছিল বৃদ্ধাশ্রম নির্মাণ, বন্ধ কারখানা চালুর উদ্যোগ, বস্তিবাসীর জন্য পানি-বিদ্যুৎ-স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া। এ ছাড়া উল্লেখ ছিল, ভাসমান লোকজনের জন্য নৈশ ও বৈকালিক বিদ্যালয় এবং মাদকাসক্ত ব্যক্তিদের জন্য আধুনিক নিরাময়কেন্দ্র প্রতিষ্ঠা, সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটারের বেশি সড়কে ৪০ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করার কথা।দীর্ঘমেয়াদি প্রকল্প: এ তালিকাও অনেক দীর্ঘ। প্রতিশ্রুতির সুনির্দিষ্ট সংখ্যা ২৯টি। এর মধ্যে অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। যেমন, কর্ণফুলী নদী খনন (ড্রেজিং), কর্ণফুলী নদীর ওপর দিয়ে অন্তত আরও দুটি সেতু নির্মাণ ও তলদেশ দিয়ে টানেল নির্মাণ, পাঁচতারা হোটেল নির্মাণ, আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক নির্মাণ, গভীর সমুদ্রবন্দর নির্মাণে সরকারকে সহায়তা করা, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে পদক্ষেপ গ্রহণ, উপকূলীয় এলাকায় নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন, শহরে আরেকটি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরকেন্দ্রিক দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে সহায়তা দেওয়া। এ ছাড়া মেট্রো কমিউটার ট্রেন সার্ভিস চালু, গার্মেন্টস ভিলেজ স্থাপন, বহুমুখী হাসপাতাল নির্মাণ, নগরবাসীর জন্য থানা ও ওয়ার্ডভিত্তিক কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য কর্ণফুলী নদীর তীরে সুবিধাজনক স্থানে শ্মশান নির্মাণের উদ্যোগ নেওয়া ইত্যাদি।যেসব কাজ হয়েছে: বিভিন্ন স্তরের নাগরিক ও করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক বছরে চাক্তাই খাল, মহেশ খাল—এ দুই খালের শাখা খালসহ নগরের বেশির ভাগ খাল সংস্কার করা হয়েছে। তবে এসব মাটি সঠিক সময়ে অপসারণ না হওয়ায় কোনো কোনো এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ ছাড়া আটটি নতুন সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আরও অন্তত ৪৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ শেষ হয়েছে। নগরের বিভিন্ন স্থানে নতুন নয়টি সেতুর নির্মাণকাজও শেষ হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য গত এক বছরে ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এ অর্থে আবর্জনা রাখার জন্য নতুন জায়গা ও নয়টি ট্রাক কেনা হয়। এ ছাড়া আবর্জনা অপসারণের জন্য পাঁচটি নতুন ট্রাক ভাড়া নেওয়া হয়েছে। আগের আছে ৬০টি। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান বলেন, ‘প্রতিদিন জনসংখ্যা ও আবর্জনা বাড়ছে। আমাদের কার্যক্রমও জোরদার হয়েছে।’ শিক্ষা ক্ষেত্রেও গত এক বছরে কম অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠিত হয়েছে তিনটি কলেজ। এদিকে দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়িতে বৃদ্ধাশ্রম তৈরির কাজ শুরু হয়েছে। এ ছাড়া সীমিত আকারে নগরের বিভিন্ন বস্তিতে পানি সরবরাহ করা হচ্ছে, তবে এটা আগেও ছিল। সদরঘাট থেকে ৪০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণকাজ শুরু করেছে করপোরেশন। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৬ কোটি টাকা, সরকারের দেওয়া থোক বরাদ্দের ১৭ কোটি টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৪৩ কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে।যেসব অঙ্গীকার পূরণ হয়নি: উড়াল সড়কের নেটওয়ার্ক তৈরি করা হয়নি। হয়নি স্লুইসগেট নির্মাণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। তবে কর আদায় সহজীকরণের জন্য চারটি করাঞ্চলকে আটটি অঞ্চলে ভাগ করা হয়। কিন্তু হাইকোর্ট ৭ জুন তা স্থগিত করেছেন।সিটিবাস আগের মতোই চলছে। মশার উপদ্রব কোনো এলাকাতেই উল্লেখযোগ্যভাবে কমেনি। জিমনেশিয়ামও প্রতিষ্ঠিত হয়নি। বস্তিবাসীর জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভাসমান লোকজনের শিক্ষা কিংবা মাদকমুক্ত শহর গড়তে সিটি করপোরেশনের উদ্যোগ দেখা যায়নি। জানা যায়, ইশতেহারের এসব বিষয় এখনো উদ্যোগের পর্যায়েও আসেনি।