ইশারায় কথা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরব ছিল যাত্রাপথের প্রতিটি বাঁক। ফিরতি পথে সুনসান নীরবতা। কিন্তু না, সেই নীরবতারও যে একটি ভাষা রয়েছে, তা টের পাওয়া যাবে একটু খেয়াল করলেই। হাতের বিভিন্ন আকৃতি আর ঠোঁটের নড়াচড়া বলে দিচ্ছে, এখানে মানবিক যোগাযোগ হচ্ছে যথাযথই। সংজ্ঞাপনের এ ভাষার নাম সংকেত ভাষা। অনেকেই একে বলেন ইশারা ভাষা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে সাভারে অবস্থিত সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত ১৫ দিনব্যাপী বাংলা সংকেত ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা হলেন চতুর্থ বর্ষের শেখ ফয়সাল হোসেন, কুররাতুল আয়েন, আমেনা, রেজওয়ানা পারভীন, আলমগীর হোসেন, তাওহিদা জাহান, মুক্তা সাহা, নূর জাহান, শর্মী বড়ুয়া ও সোহেল রায়হান; তৃতীয় বর্ষের মুকুল হোসাইন, শ্রাবন্তী সাহা, কাউসারুল হক, নুসরাত জাহান, নিগার সুলতানা, নিবেদিতা মজুমদার, সাইফুল ইসলাম, তানিয়া হোসেন, অরিন রহমান ও তানজিলা ফাতেমা।মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত ১৫ দিনের প্রশিক্ষণটা কোনো গতানুগতিক প্রশিক্ষণ ছিল না। দিনের ২৪টি ঘণ্টাই ছিল ইশারাময়। প্রশিক্ষণের সময় এ দলে জুটে যান বাক ও শ্রবণপ্রতিবন্ধী বন্ধুও। দীপু ও তালহা দুজনই টগবগে তরুণ। বাইরে থেকে বোঝার উপায় নেই দুজনের প্রতিন্ধকতার কথা। প্রশিক্ষণে এসেই বন্ধু হয়ে গেলেন প্রত্যেকেরই। সবার সঙ্গে মনের কথা বলা এবং ভালো লাগা ফুটে উঠেছিল তাঁদের দুজনের চোখেমুখে। ইশারায় কোনো দিন হয়তো হয়েছে দিনভর হাস্যরস, কোনো দিন ঝগড়া, কোনো দিন আবার দেশ ও জাতির গল্প। দীপু আর তালহার যেমন ইশারায় একটি নাম ছিল, তেমনি ২০ জনেরও দেওয়া হয়েছিল ২০টি ইশারা নাম। ২০ সদস্যের প্রশিক্ষণার্থীর এ দল হয়ে উঠেছিল যেন একটি প্রাণ। প্রাণের পরশের সঙ্গে প্রশিক্ষক ইফতেখার আহমেদ, তাসলিমা আক্তার, আনিকা রহমান ও রাখী বড়ুয়ার স্নেহের পরশও কম ছিল না।ইশারা ভাষা শিখতে গিয়ে বিড়ম্বনায় যে পড়েননি কেউ কেউ, তা-ও নয়। কখনো বউ দেখাতে ভাবি, আবার কখনো গাইবান্ধা জেলা দেখাতে গিয়ে গরু। হাতের আকৃতি আর নড়াচড়ার একটু ব্যতিক্রম হলেই ঘটে যেত বিপদ। প্রতিদিনের প্রশিক্ষণের পর উপস্থাপন করতে হতো ইশারায় নাটক, গান, কবিতা, বক্তৃতা ও সংবাদ। প্রশিক্ষণকক্ষে দেরিতে ঢোকার শাস্তিটা মোটেও ভয়ানক ছিল না। যাঁরই একটু দেরি হয়ে যেত, তাঁকেই নিজ দায়িত্বে নাচ, গান ও কৌতুক পরিবেশন করতে হতো।প্রশিক্ষণ নিয়ে কথা হয় ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গুলশান আরার সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ২৬ লাখ বাক ও শ্রবণপ্রতিবন্ধী রয়েছে, যারা সংকেত ভাষার মাধ্যমে নিজেদের মধ্যে শ্রবণশীল মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। কিন্তু এখনো বাংলা সংকেত ভাষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। এক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ খুবই কাজে আসবে বলে আমি মনে করি।’