ইসরায়েল আসলে কী চাইছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় ট্যাংক নিয়ে ইসরায়েলি বাহিনী
গাজায় ট্যাংক নিয়ে ইসরায়েলি বাহিনী

সবার নজর এখন গাজায় ইসরায়েলি স্থল অভিযানের আওতা বাড়ানো নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি-ধমকির দিকে। হামাসকে শায়েস্তা করতে নেতানিয়াহু কত দূর যাবেন? তবে অনেকেই মনে করেন, স্থল হামলার আওতা আর স্থায়িত্ব যা-ই হোক, একটা বিষয় পরিষ্কার: গাজার হামাস প্রশাসনের পতন বা অঞ্চলটিকে ইসরায়েলি সেনাবাহিনীর আবার দখল করে নেওয়ার মাধ্যমে তা শেষ হবে না। এর অবসান হতে হলে প্রয়োজন হবে মিসরের মতো বাইরের কোনো শক্তির মধ্যস্থতায় একটি চুক্তি। আর সে চুক্তি হলেই কেবল পরিস্থিতি ফিরে যাবে আগের অবস্থায়; অন্তত পরবর্তী সংঘাত শুরু না হওয়া পর্যন্ত!
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইসরায়েল গাজায় এ রক্তক্ষয়ী অভিযান চালিয়ে কী উদ্দেশ্য হাসিল করতে চাইছে। স্থল অভিযানের সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রথম দিকে একটি সীমিত লক্ষ্যমাত্রা ছিল। তা হচ্ছে হামাস ও সমমনা অন্যান্য সংগঠনের তৈরি সুড়ঙ্গ খঁুজে বের করে ধ্বংস করা। সংগঠনগুলো মূলত ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর জন্যই খনন করেছে সুড়ঙ্গগুলো। মহা শক্তিধর ইসরায়েলের কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ‘বন্দী’ গাজার কট্টরপন্থী ফিলিস্তিনিদের কাছে দৃশ্যত এ ধরনের চোরাগোপ্তা কৌশলের বিকল্প নেই।
ফিলিস্তিনি যোদ্ধাদের সুড়ঙ্গ কিংবা সাগরপথে এ ধরনের ঝটিকা অভিযানের চেষ্টা তুলনামূলকভাবে নুতন একটি কৌশল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থল অভিযানের অনুমতি দেওয়ার সময়ও এসব সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিলেন। এটাই স্থল অভিযানের প্রাথমিক কারণ হয়ে থাকলে তা গাজা উপত্যকার প্রান্ত ঘেঁষে সীমিত থাকার কথা। সঙ্গে থাকবে উপকূল থেকে সমুদ্রভিত্তিক হামলা। তবে স্থল অভিযানে যাওয়ায় বড় ধরনের ঝুঁকি আছে। প্রথমত, ইসরায়েলের সেনারাও বিপদের মুখে পড়বে। ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে মোটামুটি উন্নত মানের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে। উল্লেখযোগ্য পরিমাণ ভূগর্ভস্থ অবকাঠামোরও অধিকারী তারা। হামাস ইসরায়েলি সেনাদের হতাহত বা আটক করে দর-কষাকষির জন্য ব্যবহার করার চেষ্টা করবে। তবে আরও ভারী অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হলে বা স্থানীয়ভাবে মুখোমুখি তীব্র লড়াই হলে সবচেয়ে বিপদে পড়বে বেসামরিক মানুষ। এ কারণে ইসরায়েল একটি সময়সীমা স্থির করে স্থল অভিযান চালাতে পারে। কারণ, স্থল যুদ্ধে হতাহতের ঘটনা যত দ্রুত সম্ভব অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে।
বস্তুত, হামাসের সামরিক অবকাঠামো ধ্বংসের ব্যাপারে ইসরায়েল যতই হম্বিতম্বি করুক, গাজার ঘনবসতিপূর্ণ এলাকার বেশি ভেতরে যেতে আগ্রহী হবে না দেশটির সেনাবাহিনী। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, ইসরায়েল হয়তো বড় বড় সড়কগুলো বিচ্ছিন্ন করে দেবে। এরপর গাজাকে কয়েকটি এলাকায় বিভক্ত করে তার ভেতরে অভিযান চালাবে। তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে হামাস ও অন্যান্য সংগঠনকে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা। পর্যবেক্ষকেরা মনে করেন, ইসরায়েল অতীতের মতো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নিতে আগ্রহী নয়। সে চায় রকেট হামলা বন্ধ করা নিশ্চিত করতে।
ইসরায়েলের সামরিক বিশ্লেষকেরা মনে করেন, হামাস এখন একটু বিপাকে আছে। ইসরায়েলি নগরগুলোয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া বা সীমান্ত পেরিয়ে হামলার মাধ্যমে লড়াইকে দেশটির ভেতরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের চেষ্টা মূলত ব্যর্থ হয়েছে।
যুদ্ধবিরতির জন্য এ পর্যন্ত যে কোনো চুক্তি হয়নি, তার অন্যতম কারণ আন্তআরব রাজনীতি ও আন্তফিলিস্তিনি সম্পর্ক। কিন্তু সমঝোতা ও চুক্তিই এ সংঘাত বন্ধের একমাত্র উপায়। তবে দীর্ঘমেয়াদি সমাধান এত সহজে আসবে না। কারণ, ফিলিস্তিনিদের তিক্ততা ও বঞ্চনার অনুভূতি সহজে দূর হওয়ার নয়। গাজার ভৌগোলিক অবস্থানও বিষয়টিকে জটিল করে তুলেছে। এর একদিকে ফিলিস্তিনিদের প্রতি বৈরী মিসর আর দুই দিকে ‘শত্রু’ ইসরায়েল। আর আপাতত বৃহত্তর কোনো শান্তি উদ্যোগের সম্ভাবনা নেই বলে ইসরায়েলের ‘অপারেশন প্রটেকটিভ এজ’ শেষ হওয়ার পরই হয়তো পরের সংঘাতের জন্য ক্ষণগণনা শুরু হয়ে যাবে।
সুমন কায়সার