ইসরায়েলি দূতাবাসে হামলার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরীয়দের হামলার মুখে কায়রো থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতের বিদায়ের ঘটনা আরববিশ্বের অশান্ত রাজনীতিতে নতুন বাঁক সৃষ্টি করেছে। সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও হোসনি মোবারকের শাসনামলে মিসরের মানুষ ইসরায়েলকে সমীহ করে চলত। সামপ্রতিক বিপ্লবের পর সে মনোভাবের যে পরিবর্তন ঘটেছে, এর সুস্পষ্ট আভাস ওই হামলার ঘটনা। এতে মিসর ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যমান শান্তির সম্পর্ক শীতলতম পর্যায়ে নেমে এসেছে। এ পরিস্থিতিতে এক দিকে যেমন মিসরে নতুন করে সহিংসতার বীজ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে, অন্য দিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সামরিক শাসকেরাও এ ঘটনার সুযোগ নিয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারেন। এতে মোবারক-পরবর্তী মিসরে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য ঘূর্ণাবর্তে পড়ার আশঙ্কা রয়েছে। পারস্পরিক বৈরিতার অবসানে ১৯৭৮ সালে মিসর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের সে সময়ের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিনের মধ্যে গোপন আলোচনার ভিত্তিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় এই চুক্তি হয়। চুক্তিটির মাধ্যমে মূলত মিসর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির কর্মকাঠামো নির্ধারিত হয়। পরের বছর ২৬ মার্চ ওয়াশিংটনে মিসর ও ইসরায়েলের মূল শান্তি চুক্তি সম্পন্ন হয়। আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের এটাই প্রথম শান্তি চুক্তি। ওই সময় যুদ্ধের কারণে মিসর ও ইসরায়েল উভয় দেশের বেশির মানুষ হাঁপিয়ে উঠেছিল। বিশেষ করে মিসরীয়রা যুদ্ধ থেকে পাশ ফিরে একটুখানি দম নেওয়ার ফুরসত খুঁজছিল। এই চুক্তি তাৎক্ষণিকভাবে সে সুযোগ করে দেয়। এ জন্য এতে ব্যাপক সমর্থন ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের এই মনোভাব বদলে গেছে। শুরু থেকেই মিসর-ইসরায়েল শান্তি চুক্তি একটি কাগুজে সমঝোতা ছাড়া কিছু নয়। এই চুক্তি দুই দেশের সম্পর্কে নিরাপদ দূরত্ব বজায় রাখা ছাড়া আর কিছু দিতে পারেনি। বরং লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি সেনা আগ্রাসনের কারণে মিসরের ভ্রাতৃপ্রতিম মুসলিম নাগরিকদের মনে দানা বেঁধেছে ক্ষোভ।১৯৮১ সালে আততায়ীর হাতে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিহত হওয়ার আংশিক কারণ হিসেবে তাঁর ইসরায়েল ঘেঁষা নীতিকে দায়ী করেন বিশ্লেষকেরা। তাঁর উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসা হোসনি মোবারকও এই শান্তি চুক্তিকে রক্ষাকবচ হিসেবে বেছে নেন। এই চুক্তির প্রতি একনিষ্ঠ থাকায় তিনি পশ্চিমা বিশ্বের অন্যতম প্রধান কৌশলগত মিত্রে পরিণত হন। এতে মার্কিন সামরিক সহায়তা হিসেবে বছরে ১৩০ কোটি ডলার পাওয়ার সুযোগ ঘটে মিসরের। একই সঙ্গে ইসরায়েলও নিশ্চিন্ত ছিল, যত দিন মোবারক আছেন তত দিন মিসর নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। গত ফেব্রুয়ারিতে ব্যাপক গণবিক্ষোভের জেরে মোবারক ক্ষমতাচ্যুত হলে দীর্ঘ দিন পর মিসর আবার তাদের ঘুম হারাম করে দেয়। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, সমপ্রতি দুই দেশের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি নিয়ে তাঁরা উদ্বিগ্ন।ক্ষমতায় এসেই মিসরের সামরিক শাসক ও নতুন অন্তর্বর্তী মন্ত্রিসভা ইসরায়েলকে আশ্বাস দিয়েছে যে ১৯৭৯ সালের শান্তি চুক্তির সমঝোতা বজায় রাখা হবে। মিসরীয় কর্মকর্তাদের আচার-আচরণেও সে মনোভাব প্রকাশ পায়। কিন্তু গত মাসে সীমান্তবর্তী সিনাই উপত্যকায় ইসরায়েলি সেনা অভিযানে পাঁচজন মিসরীয় রক্ষী নিহত হওয়ার ঘটনায় অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইসরায়েলের ভাষ্য, গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিদের তাড়া করছিল সেনারা। এই ডামাডোলের মাঝখানে পড়ে প্রাণ হারায় মিসরীয় রক্ষীরা। কিন্তু এই ব্যাখ্যা মেনে নেয়নি মিসরের সাধারণ মানুষ। সম্প্রতি কায়রোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে ব্যাপক বিক্ষোভ করে তারা। এ সময় ইসরায়েলি রাষ্ট্রদূতকে বিতাড়ন ও দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানায় জনতা। চাপে পড়ে মিসরীয় মন্ত্রিসভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়। ইসরায়েল মিসরীয় রক্ষীদের হত্যার ঘটনা তদন্তের অঙ্গীকার করে এবং ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে। এতে শান্ত হয়ে যায় মিসরের মন্ত্রিসভা। কিন্তু জনরোষ থেকেই যায়। এই জনরোষের জের ধরেই গত শুক্রবার কায়রোর ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। কায়রো থেকে সপরিবারে পালিয়ে যেতে বাধ্য হন ইসরায়েলি রাষ্ট্রদূত আইজ্যাক লেভানন। এ ব্যাপারে ইসরায়েলি সরকারের একজন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন এই ঘটনা। কূটনৈতিক মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রেও তা বড় ধরনের ব্যর্থতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যে বলেছেন যে এই ঘটনার পরও মিসরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তাঁরা। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ করেছেন, এ ব্যাপারে একটা কিছু করতে। ওবামাও উদ্যোগ নেবেন বলে কথা দিয়েছেন। কিন্তু যে উদ্যোগ নেওয়া হোক না কেন, অন্তর্বর্তী সরকারকে দিয়ে চাপ সৃষ্টির মাধ্যমে মিসরের ক্ষুব্ধ জনগণকে দমানো যাবে না বলেই মনে হয়। কারণ, এ সরকার তাদেরই সৃষ্টি। তা ছাড়া জনগণের ওপর আঙুল নাচিয়ে কথা বলার মতো শক্তিও তাদের নেই। তবে মিসর ও ইসরায়েলের সম্পর্ক আরও শীতল হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনাকে অনেকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। মিসরের অন্তর্বর্তী প্রশাসনে এখনো মোবারকের অনুগত বেশ কিছু কর্মকর্তা রয়ে গেছেন। অনেকের ধারণা, কোনো ছল খাড়া করে তাঁরা গণতান্ত্রিক নতুন সরকার গঠনের প্রক্রিয়া পিছিয়ে দিতে চাইছেন। চাইছেন হাঙ্গামা বাধিয়ে মোবারকের বিচার বিলম্বিত করতে। ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনা পেছনে তাঁদেরই সাজানো ফন্দি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  শরিফুল ইসলাম ভূঁইয়া