ইসরায়েলের ‘একগুঁয়েমিতে’ আবার অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা যেখানে ছিল, কার্যত সেখানেই রয়ে গেল। প্রবল আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল বসতি স্থাপনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল না। শান্তি আলোচনায় ফিলিস্তিনিদের অন্যতম প্রধান দাবি এই বসতি স্থাপন বন্ধ করা। জর্ডান নদীর পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ রাখার ওপর স্থগিতাদেশ গত রোববার মধ্যরাতে শেষ হয়েছে। ইসরায়েলের ঘোষণার পর মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে তাই নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, সব জায়গায়ই হতাশা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটনের মতে, ‘ইসরায়েলের এই একগুঁয়েমি দুঃখজনক।’ তাদের এই সিদ্ধান্তে নাখোশ যুক্তরাষ্ট্রও। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, তারা খুবই হতাশ। ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘প্ররোচনামূলক’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আলোচনা থেকে তাঁরা বেরিয়ে যাবেন কি না, তিনি সেই সিদ্ধান্ত নেবেন আরব নেতাদের সঙ্গে আলোচনার পর। আরব নেতাদের সঙ্গে ৪ অক্টোবরের আলোচনার পরই সম্ভবত তিনি মুখ খুলবেন।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণসংক্রান্ত স্থগিতাদেশ আর না বাড়ালেও এখন পর্যন্ত শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। দীর্ঘ প্রায় দুই বছর বিরতির পর চলতি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্য-সংকট নিরসনে নতুন করে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছিল। মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপন বা শান্তি—ইসরায়েলকে এ দুটোর একটি বেছে নিতে হবে। অন্যদিকে নেতানিয়াহু মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তিনি যেন আলোচনা বর্জন না করেন।আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে ফিলিস্তিনি নেতাদের সামনে রয়েছে বেশকিছু বড় বাধা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা রাসান খাতিব এ সম্পর্কে বলেন, ভবিষ্যতে যেসব এলাকা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হওয়ার কথা, সেসব জায়গায়ই ইসরায়েল বসতি স্থাপন করছে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে রেখেছে। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপিত শতাধিক বসতিতে প্রায় পাঁচ লাখ ইহুদি বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলোকে অবৈধ গণ্য করা হলেও ইসরায়েল তা মনে করে না।