
একটি উগ্র গোষ্ঠী সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে বহির্বিশ্বের কাছে দেশের সুনাম ক্ষুণ্ন করতে চায়। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি মহল জঙ্গিবাদের কথা বলে ইসলামকে বিতর্কিত করছে। তাঁদের ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সব নাগরিককে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে রুখতে হবে সব ষড়যন্ত্র।
বিভিন্ন স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তাঁরা জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ফেনী: ‘জঙ্গিবাদী হামলা-রুখে দাঁড়াও বাংলা’ স্লোগানে ফেনীতে গত বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী। শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতেহ জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিয়ামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা বিমল শীল, জেলা উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শান্তনু দেবনাথ। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকাতে সকল শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।
সাতকানিয়া: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাতকানিয়ায় সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ২৮ জুলাই বিকেলে উপজেলার আদালত সড়কে এ সমাবেশ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জায়েদ বিন জলিল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহজাহান চৌধুরী, পৌরসভার কাউন্সিলর এনামুল হক, মোহাম্মদ আলী, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ।
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৪ জুলাই সকালে কলেজ মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ শিক্ষার্থীদের খারাপ কাজে জড়িত হওয়ার প্রলোভন দিলে বিষয়টি যেন কলেজ কর্তৃপক্ষকে যেন দ্রুত জানানো হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খাগড়াছড়ি: বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ২৭ জুলাই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনের সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কলেজের অধ্যক্ষ মো. আবদুস সবুর খান।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ছাত্র ও শিক্ষকসমাজকে সর্বদা সচেতন থাকতে হবে। ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ। তাদের উগ্রপন্থা থেকে দূরে থাকতে হবে। যারা উগ্র মতবাদ প্রচার ও তরুণদের বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, শিক্ষক পরিষদের বিদায়ী সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ জাহেদ হাছান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেদ হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মীর মোহাম্মদ মারুফ মিয়া।

ফিরিঙ্গি বাজার ওয়ার্ড যুবলীগ: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৭ জুলাই অনুষ্ঠিত হয়। ওয়ার্ড চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ। বক্তব্য দেন কামরুল হক, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, শাহ আলম ভূঁইয়া, তারাপদ দাশ, সুজিত দাশ, রুহি দাশ, ওসমান গণি, শাহাদাত হোসেন, হুমায়ুন মোর্শেদ প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মাটিরাঙ্গা: গুইমারা রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জিল্লুর রহমান বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। জঙ্গিবাদ আমাদের সবার শত্রু। ঘরে ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে।’
২৭ জুলাই মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, পৌরসভার মেয়র মো. শামছুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ।
সভায় মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তা ছাড়াও মাটিরাঙ্গা কলেজের অধ্যক্ষÿ মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।