‘তরুণ উদ্যোক্তাদের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি এখনই নিতে হবে’
তরুণ উদ্যোক্তাদের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি এখনই নিতে হবে। তারাই দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। কাজের প্রতি নিষ্ঠা, ধৈর্য, সততা আর পরিশ্রম থাকলে যেকোনো মানুষ জীবনে একজন সফল উদ্যোক্তা হতে পারবে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী ব্যবসা মেলায় বক্তারা এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সকালে নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী আহমদ।
তিনি বলেন, ‘বাংলাদেশের বার্ষিক আয় বাড়ানোর জন্য তরুণ ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারেন। ইডিইউর শিক্ষার্থীরা কর্মজীবনে প্রত্যেকে একজন করে সফল উদ্যোক্তা হবেন এমনটা প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন ট্রেজারার সামস উদ দোহা, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী, প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
মেলায় ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা ঘরে বানানো নানা জিনিসপত্র নিয়ে পসরা সাজান। এর মধ্যে ছিল দেশীয় খাবার, কাঠের তৈরি আসবাবপত্র, হস্তশিল্প প্রভৃতি। অনুষ্ঠানে আসা অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি।