ইস্ট ডেল্টায় অক্সফোর্ডের দুর্লভ বই

সাহিত্য, দর্শন, অর্থনীতি, ইতিহাস কিংবা শিল্পকলা কোনো বিষয়ই বাদ নেই। বিখ্যাত লেখকদের আকর গ্রন্থগুলো একসঙ্গে শোভা পাচ্ছে। কোনো কোনো বইয়ের প্রকাশকাল এক থেকে দেড় শ বছর আগে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাঠাগারের এসব দুর্লভ বই এখন চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্রস কলেজের পাঠাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রন্থাগারিক শেইলা এলকোক ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের হাতে এসব বই তুলে দেন।
অনুষ্ঠানে সেন্ট ক্রস কলেজের গ্রন্থাগারিক শেইলা এলকোক বলেন, ‘সুদূর বাংলাদেশে বসে গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়। আমরা আশা করব এই কার্যক্রম অব্যাহত থাকবে। একজন গবেষক কিংবা শিক্ষার্থীর কাছে পাঠাগার অন্য রকম একটি জগৎ। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বই পড়ে তাঁদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবেন এমনটা প্রত্যাশা আমাদের।’
সাঈদ আল নোমান বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাদের নিয়মিত বই উপহার দিয়ে আসছে। বিষয়টি আনন্দের ও গৌরবের। এ ধরনের একটি উদ্যোগ চট্টগ্রামকে অক্সফোর্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত করল।’
বই পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও। তানজিদা আফরিন নামের এক শিক্ষার্থীর বক্তব্য, ‘বিখ্যাত সব বই ছুঁয়ে দেখতেও আনন্দ। এসব বই পড়তে পারব ভেবেই ভালো লাগছে।’ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সাদিকা জাহান জানালেন, পাঠাগারের অক্সফোর্ড কর্নার নামের একটি আলাদা স্থানে বইগুলো সংরক্ষণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।