ইস্ট ডেল্টায় নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে গত ২৭ ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে বসে প্রাণের মেলা।
২৭ মে ছিল বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণের আয়োজন। শুরুতে ছিল আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক এম এম নুরুল আবসারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। প্রধান বক্তা ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক (মার্কেটিং) ও গীতিকার আসিফ ইকবাল।
তিনি তরুণ-তরুণীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো লক্ষ্যে পৌঁছানোর আগে ছেলেমেয়েদের বেশি করে আগাম স্বপ্ন দেখতে হবে। এতে কাজটি করার আগেই এক ধরনের অনুপ্রেরণা তৈরি হয়। ফলে মানসিক শক্তিই তাকে প্রতিযোগিতার বাজারে সবার চেয়ে এগিয়ে রাখবে। কথামালার আয়োজন শেষে ছিল নবীন শিক্ষার্থীদের বরণের আনুষ্ঠানিকতা।
৩১ মে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, নাটিকা আর ফ্যাশন শোর উচ্ছ্বাসে আনন্দ ছড়িয়ে পড়েছিল বিদ্যাপীঠটির ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। সবার অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নিয়েছিল অন্য রকম মিলনমেলায়। একে একে নানা পরিবেশনায় সবাইকে মুগ্ধ করেন শিক্ষার্থীরা।
বিকেল তিনটায় শুরু হওয়া অনুষ্ঠানে সুনান, জিৎ, রাজ ও নাজমুল তাঁদের পরিবেশনায় দর্শকদের হাততালি কুড়ান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ‘পাখি পাকা পেপে খায়’ ও ‘ডাব-গাব’ বলতে পারার ধাঁধায় চমক দেখান সহকারী অধ্যাপক রাশেদ আল করিম। আয়োজনের শেষ দিকে ছাত্র-ছাত্রীরা পরিবেশন করেন বাংলা সিনেমার পরিচালক ও মোবাইল ফোনের নাটিকা।