ইস্ট-ডেল্টায় রোমিও অ্যান্ড জুলিয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশপরম্পরায় শত্রুতা চলে আসছে এমন দুই পরিবারের দুই সন্তান রোমিও ও জুলিয়েট পরস্পরকে গভীরভাবে ভালোবাসে। পারিবারিক শত্রুতা তাদের মিলনের পথে বড় বাধা। তবু সেই অলঙ্ঘ্য বাধা ডিঙাতে যায় তাঁরা। পরিণামে করুণ মৃত্যুকে বরণ করে নিতে হয় তাদের। তবে মৃত্যু হয় না তাদের প্রেমের।
সম্প্রতি ইস্ট–ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের মঞ্চায়নের সময় এই অমর প্রেমগাথা আবারও দোলা দিয়ে গেল দর্শক হৃদয়ে। ভাষা, অভিনয়শৈলী, মঞ্চ সজ্জা সব ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছিল প্রেমের জয়।
ইংরেজ নাট্যকার শেক্সপিয়ারের ৪০০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সম্প্রতি ইডিইউর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে নাটকটি মঞ্চস্থ করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
নাটকের মঞ্চ সাজানো হয়েছিল ৪০০ বছর আগের রোমান সংস্কৃতির আবহে। নাটকের সূচনাসংগীত পরিবেশন করেন দুই ছাত্রী কোমল আর তাফরিহা।
নাটকে রোমিও চরিত্রে সামিন ও জুলিয়েটের ভূমিকায় রিয়ার প্রাণবন্ত অভিনয় প্রশংসা কুড়ায় দর্শকদের। অন্যান্য চরিত্রে অভিনয় করেন সাজন, নাসরিন, ওয়াফি, আনুশাহ, আবির, রিদভি, জয়, ফারদিন, সুমিত, রনো, তারেক, আলভী, সাকিব, শোভন, হাবিব ও কাওসার। আবহসংগীত, নাচ ও শিল্পনির্দেশনায় ছিলেন মিনার, রাইসা, জেরিন, মিথিলা, রনো ও সামিয়া। পুরো নাটকটির বিভিন্ন ধারা বর্ণনায় ছিলেন সাফা ইকবাল।
অনুষ্ঠানে রোমিও অ্যান্ড জুলিয়েট মঞ্চায়নের জন্য অভিনন্দন জানিয়ে অনুভূতি ব্যক্ত করেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, কোষাধ্যক্ষ শামস উদ দোহা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও প্রভাষক সাবরিন সারওয়ার।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ রিপন রোমিও অ্যান্ড জুলিয়েট মঞ্চায়নের বিষয়ে বলেন, ‘নাটকটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তবে দৃশ্যায়নের পাশাপাশি শিক্ষার্থীরা এর শৈল্পিক নানা দিকও জানতে পেরেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা আমাদের রয়েছে।’