ইস্টার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার মেলা
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার মেলা

চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ইস্টার্ন ইউনিভার্সিটিতে হয়ে গেল ক্যারিয়ার মেলা। ৯ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন আইডিএলসির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। ইস্টার্ন ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত মেলাটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘শুধুমাত্র একটি চাকুরিই নয়, পেশা নির্বাচন করুন।’ মেলার ক্যারিয়ার পার্টনার হিসেবে ছিল প্রথম আলো জবস। সকাল থেকেই বিভিন্ন শ্রেণির দর্শনার্থীদের পদচারণে মুখরিত ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণ। মেলায় ছিল ক্যারিয়ারবিষয়ক পরামর্শমূলক একাধিক কর্মশালা ও সেমিনার, তাৎক্ষণিক সাক্ষাৎকার, ক্যারিয়ার কাউন্সেলিং, কুইজসহ আরও অনেক কিছু। মেলাটিতে দেশের খ্যাতনামা ৩০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থী ও অন্য দর্শনার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ব্যাখ্যা করে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করে। উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এই মেলা চাকরিপ্রার্থী ও চাকরিদাতা উভয় পক্ষের জন্য ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন। ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনায়েত উল্লাহ জানান, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের এক মঞ্চে মিলিয়ে দিতেই এ মেলার আয়োজন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজন করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মোশাররফ হোসেন। উপাচার্য আবদুর রব ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষা কারিকুলামে চাকরি উপযোগী আরও বাস্তবসম্মত কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান।