ইস্টার্ন ইউনিভার্সিটির ক্লাব মেলা

১৯ অক্টোবর রোববার ধানমন্ডি ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহশিক্ষার কার্যক্রমে উৎসাহ দিতে ক্যাম্পাসে ক্লাব মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্লাব মেলায় অংশ নেয়। ক্লাবগুলো নিজ নিজ কার্যক্রম তুলে ধরে এবং নতুন সদস্য সংগ্রহ করে। শুরুতে উচ্চশিক্ষায় সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক আবদুর রব, প্রো-ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। মেলার মঞ্চে থিয়েটার ক্লাব নাটক সংবাদকার্টুন-এর অংশবিশেষ পরিবেশন করে। সাংস্কৃতিক ক্লাব আয়োজন করে গান ও ফ্যাশন শোর। সমাজকল্যাণ ক্লাব বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। আবৃত্তি করেন সৃজনশীল লেখক ফোরামের সদস্যরা।
ইঞ্জিনিয়ারিং ক্লাব, কম্পিউটার ক্লাব গেমস ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনায় পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখে শিক্ষার্থীরা। একই সময় সেমিনার কক্ষে বিতর্ক ক্লাব আয়োজন করে রম্য বিতর্কের। মেলায় আরও অংশ নেয় পরিবেশ ক্লাব, আইন ক্লাব, সাংবাদিক ক্লাব, আর্থ কেয়ার, স্পোর্টস ক্লাব, ব্যবসা ও সামাজিক বাণিজ্যিক ক্লাব।
অনুষ্ঠানে সহযোগিতা করে প্রথম আলোর বন্ধুরা।
লেখা সৈয়দ মুনির