ইস্তাম্বুলে পুরো হপ্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন থেকেই ইস্তাম্বুল বেড়াতে যাওয়ার ইচ্ছাটা মনে ছিল। বিশেষ করে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের পক্ষ থেকে ইস্তাম্বুলে একটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র পাওয়ার পর সে ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। কিন্তু এত দূর পথ একা যাব এত খরচা করে, সে জন্য ইচ্ছাটাকে ধামাচাপা দিতে হলো। এরমধ্যেই হঠাৎ একটা উপায় মিলল। আমি ও আমার স্বামীর আমেরিকায় মেয়ে কস্তুরীর কাছে যাওয়ার কথা। পথে এক সপ্তাহ ইস্তাম্বুল বেড়িয়ে প্রায় একই খরচায় আমেরিকা যাওয়া যায়। মেয়েকে বলতেই সে-ও সঙ্গে সঙ্গে রাজি। এক সপ্তাহের ছুটি নিয়ে নিল ইস্তাম্বুল বেড়াবে বলল। আমরা গত ২৭ মে রাত ১০টায় টার্কিশ এয়ারলাইনসে ঢাকা ছাড়লাম। পরদিন ভোর পাঁচটায় পৌঁছালাম তুরস্কের ইস্তাম্বুল। ইমিগ্রেশন সেরে বেরিয়েই দেখি মেয়ে হোটেলের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও আগের রাতেই এসেছে। দুশ্চিন্তা গেল। হোটেলটা খুব দামি না হলেও যেহেতু এখানে বিদেশিরা খুব আসে, সব ব্যবস্থাই আধুনিক। হোটেলেই প্রাতরাশ সেরে ১০টার দিকে বের হলাম শহর দেখতে। ইন্টারনেট থেকে আগেই ইস্তাম্বুলের দর্শনীয় স্থানগুলোর একটা তালিকা আর কোন দিন কোনটা দেখব ঠিক করেছিলাম। ইস্তাম্বুলই পৃথিবীর একমাত্র শহর, যা দুটি মহাদেশ—এশিয়া আর ইউরোপের অন্তর্ভুক্ত। মাঝখানে বয়ে চলেছে বসফরাস প্রণালি, যা একদিকে মারমারা আর ব্ল্যাক সিকে যুক্ত করেছে, অন্যদিকে ইউরোপ আর এশিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছে। বসফরাসের দুপারেই ইস্তাম্বুল। মাঝখানে বিরাট ব্রিজ। বাইজানটাইন সম্রাট কনস্টান্টিনাইন দি গ্রেটের নাম অনুসারে এই শহরের নাম ছিল কনস্টান্টিনোপল। অটোমানদের তুরস্ক বিজয়ের পর নাম হয়ে যায় ইস্তাম্বুল। এর এশিয়ান দিকটি হচ্ছে পুরোনো, মোটামুটি আবাসিক এলাকা। ঐতিহাসিক নিদর্শনগুলো এদিকেই। ইউরোপিয়ান দিকটা আধুনিক, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। এখানে প্রতিবছর প্রায় ২০ লাখ পর্যটক বেড়াতে আসেন। যেহেতু পর্যটন শহর, সবকিছুরই দাম একটু বেশি। মুদ্রার মানও ভালো। এক ডলার সমান ১ দশমিক ৫০ লিরা। জিনিসের দাম দেখায় ক্যালকুলেটরে লিরা বা ইউরোতে। ডলারও চলে বড় দোকানে। পুরোনো শহরের প্রায় রাস্তাই অল্প চওড়া, একেবারে পাথরের তৈরি। পাহাড়ের ওপর শহর। তাই উটের পিঠের মতো, কখনো উঁচুতে উঠছি আবার নিচে নামছি। খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। একটু পরপরই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করছে। লোকেরাও খুব ভদ্র আর সহনশীল। গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে, হর্ন বাজাচ্ছে না কেউ। ট্রাম, বাস নিয়মানুযায়ী চলছে, পুলিশ খুব একটা কোথাও নেই।ব্লু-মস্কপ্রথমেই গেলাম এই মসজিদে। এর প্রতিষ্ঠাতা চতুর্দশ অটোমান সুলতান আহমেদ(১) (১৬০৯-১৬১৬)। এটাই ইস্তাম্বুলের সবচেয়ে বিশাল আর সবচেয়ে সুন্দর মসজিদ। স্থাপত্যকলা সৌকর্যের দিক থেকে অতুলনীয়। এতে পাঁচটি গেট এবং ছয়টি মিনার রয়েছে। একে ব্লু-মস্ক বলার কারণ, এর মিনারের বেশ কিছু অংশ এবং ভেতরের দেয়ালের কারুকাজ দামি নীল পাথর আর টাইলসে তৈরি। ভেতরে বিশাল অসংখ্য স্যানডেলিয়ার ঝোলানো, যার আলোয় দেয়ালের সমস্ত নকশা, কারুকাজ আর লেখা কোরআনের আয়াত সব ঝকঝক করছে। মেঝেটা হাতে বোনা রেশমি গালিচায় মোড়ানো। টপকাপি প্যালেসটপকাপি প্যালেস অটোমান সুলতানদের বিলাসিতা, ঐশ্বর্য আর সৌন্দর্যপ্রিয়তার প্রতীক। এর আয়তন সাত লাখ বর্গমিটার, যা ভ্যাটিকানসিটির দ্বিগুণ। সামনেই রয়েছে সুন্দর ঝরনা, দুই পাশে রয়েছে কারুকাজ করা সিংহের মূর্তি, গোলাপের সারি। গোলাপ যে এত বড় আর এত রঙের হয়, এখানে না এলে জানতে পারতাম না। ভেতরের কার্পেট যাতে নষ্ট না হয়, সে জন্য জুতাতে পরতে হয় পলিথিন ব্যাগ। প্রাসাদের ভেতরে এত কক্ষ, এত কিছু দেখার যে গাইড না হলে দেখা সম্ভব নয়। ট্রেজারি সেকশনে রয়েছে হীরা, মুক্তা, পান্নাখচিত মুকুট, তরবারি, নেকলেস আর স্বর্ণখচিত বিশাল কয়েকটি সিংহাসন। এর মধ্যে একটি সিংহাসন রয়েছে, যা ২৫ হাজার মুক্তা আর স্বর্ণের পাতে মোড়ানো। এটি নাদিরশাহ সুলতান মাহমুদকে উপহার দিয়েছিলেন। এর মূল্যমান আমাদের কল্পনার বাইরে। জাদুঘরে আছে ক্যালিগ্রাফি, পেইন্টিং আর বিভিন্ন ধরনের ঘড়ি। হীরা বসানো বড় একটি ঘড়ি আছে, যা রাশিয়ার জার নিকোলাস সুলতান মজিদকে উপহার দিয়েছেন। এর পরে রয়েছে হারেম। ডলমাবাচি প্যালেসঅটোমান সাম্রাজ্যের ট্রেজারি প্রায় শূন্য করে অপরিমিত অর্থ ব্যয়ে এই প্রাসাদ তৈরি হয়েছে। ১৪ টন সোনা আর ৪০ টন রুপা দিয়ে এটা সাজানো। এটা প্যারিসের ল্যুভর এবং লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে করা হয়েছে। প্রাচ্য, পাশ্চাত্যের মিশ্রিত স্থাপত্য কৌশলে। সব প্যালেসেই এত কিছু দেখার রয়েছে, তা এই স্বল্প পরিসরে বর্ণনা করা যায় না। কামাল আতাতুর্ক মাঝেমধ্যে এখানে অবস্থান করতেন। অসুস্থ হওয়ার পর তিনি এই প্রাসাদেই ছিলেন, তাঁর মৃত্যুও হয়েছে এখানে। বসফরাস এশিয়া-ইউরোপের রাখিবন্ধন। এটি তুরস্কের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া, বুলগেরিয়া ও ইউক্রেনের ভূমধ্যসাগরে প্রবেশের জন্য এটাই সহজলভ্য আন্তর্জাতিক নৌপথ। এটি তুরস্কের নিয়ন্ত্রণাধীনে। প্রতিদিন গড়ে ৫০ হাজার জলযান এই বসফরাস দিয়ে চলাচল করে। আমরা ফেরিতে উঠে বসফরাসে বেড়ালাম। গেলাম টার্কিশ গ্রামে। এর পরে রয়েছে আধুনিক তুরস্কের টাকসিন স্কোয়ার, গ্যালাটা ব্রিজ ও গোল্ডেন হর্ন, গ্র্যান্ডবাজার আর স্পাইশ বাজার। এগুলোতে ঘুরে না বেড়ালে আপনার ইস্তাম্বুল দেখা সম্পূর্ণ হবে না। শেষ করছি ইরেবাতান সিস্টার্ন দিয়ে। এটি মাটির নিচে বিশাল একটি জলাধার। যা ৫৩২ খ্রিষ্টাব্দে বাইজানটাইনরা তৈরি করেছিল ইস্তাম্বুলের পানি সরবরাহ নিশ্চিত করতে। ১৬০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটাই ছিল ইস্তাম্বুলের পানির সরবরাহ। মাটির নিচে ঘুরে ঘুরে দেখতে হয়, কেমন একটা ভৌতিক বাজনা বাজে। আবছা দেখায় সব। গা ছমছম করে। এখানেই নাকি জেমস বন্ডের ছবি ফ্রম রাশিয়া উইথ লাভ-এর কয়েকটি দৃশ্য চিত্রায়িত হয়েছে। এখানে রয়েছে গ্রিক দেবী মেডুসার দুটি মূর্তি। এসব দেখতে না দেখতে, কোন ফাঁকে আমাদের দিন শেষ হয়ে গেল। সাত দিন কোথা দিয়ে গেল বুঝতেই পারলাম না।