কাপড়ের নিপাট আর নিখুঁত সৌন্দর্য ফুটে তুলতেই ব্যবহার করা হয় ইস্তিরি। শুধু তা-ই নয়, কাপড়ের স্থায়িত্ব বাড়ানোর জন্য এটি দরকারি। অনেকেই এই কাজটি সম্পন্ন করেন ঘরেই। এ জন্য দরকার একটি ইস্তিরি আর একটি ইস্তিরি বোর্ডসহ স্ট্যান্ড।কিছু ইস্তিরির হিটিং প্লেট অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। বেশি গরমে সেটি কাপড়ে আটকে যায় না। আবার লোহার হিটিং প্লেটের ইস্তিরি বেশি গরম হলে কাপড় আটকে যাওয়ার আশঙ্কা থাকে। ‘এখন বাজারে বেশ আধুনিক সব ইস্তিরি পাওয়া যাচ্ছে। যেগুলোতে যুক্ত করা হয়েছে হিটিং কন্ট্রোল সিস্টেম। ইস্তিরিগুলো আকারে ছোট এবং ওজনও কম। ফলে কাপড় পুড়ে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে।’ বলেন ট্রান্সকম ডিজিটালের কারওয়ান বাজারের বিক্রয় প্রতিনিধি আশিকুর রহমান। সাধারণ এসব ইস্তিরির দাম পড়বে ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।বাজারে রয়েছে ‘স্টিম আয়রন’ নামের আরেক ধরনের ইস্তিরি। এর হিটিং প্লেট সিরামিকের তৈরি। এ কারণে এতে কাপড় আটকে যাওয়ার ভয় থাকে না। এ ইস্তিরিগুলোয় একটি ‘ওয়াটার চেম্বার’ ও হিটিং প্লেটজুড়ে অনেক ছিদ্র থাকে। ইস্তিরি গরম হলে হিটিং প্লেটের এসব ছিদ্র দিয়ে জলীয় বাষ্প বেরিয়ে আসে এবং আপনা-আপনি কাপড়ে লেগে যায়। এ কারণে কাপড়ে আলাদা করে আর পানি ছিটিয়ে দিতে হয় না। এ ছাড়া আরও একটি স্প্রের ব্যবস্থাও আছে, যার মাধ্যমে পানি স্প্রে করে দেওয়া সম্ভব। সেই সঙ্গে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা। ২৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে আপনি পাবেন নামী ব্র্যান্ডের ‘স্টিম আয়রন’গুলো। তবে ননব্র্যান্ডগুলোর দাম ১৮০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।কাপড় ইস্তিরি করার জন্য বাড়িতে ব্যবহার করা হয় বিছানা। এ কারণে অনেক সময় কাপড়ে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে যায়। এই ঝক্কি এড়িয়ে চলা যেতে পারে ইস্তিরি বোর্ড ও স্ট্যান্ড ব্যবহার করে। বোর্ডসহ একটি স্ট্যান্ডের দাম ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। বাজারে ফিলিপস, ট্রান্সটেক, তোশিবা, স্যানিও, র্যাংগসসহ বিভিন্ন ব্র্যান্ডের ইস্তিরি পাওয়া যায়।