
প্রতিবছর ৩ সেপ্টেম্বরকে সিডও দিবস হিসেবে পালন করা হয়। এ ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হয়েছে। জাতিসংঘের এই কর্মসূচি সদস্যরাষ্ট্রগুলোর স্বাক্ষর ও অনুমোদনের জন্য ১৯৮১ সালের ৩ ডিসেম্বর সিডও চুক্তি হিসেবে গৃহীত হয়। আমরা জানি এবং বিশ্বাস করি, নারী-পুরুষের সমতার চেতনা সঞ্চারিত করার ক্ষেত্রে এ দিনটির ভূমিকা অসাধারণ। কারণ, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত না হলে দেশে স্থায়িত্বশীল কোনো উন্নতি আশা করা যায় না। অনুধাবন করা যায়, প্রতিবারের মতো এবারেও আমাদের দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পূর্ণ মর্যাদায় এ দিবসটি পালন করা হবে।
বিশ্ব নারী দিবস প্রবর্তনের পর থেকে নারী প্রগতির আন্দোলন যে নতুন মাত্রা লাভ করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় নারী সমাজের এই অর্জন। বিশ্ব নারী দশক সামনে রেখে নারীসমাজ তাদের প্রতি বিরাজমান সব বৈষম্যকে শনাক্ত করতে পেরেছিল। সেই বৈষম্যের ক্ষতিকর দিক থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক স্বাধীনতার জন্য জোর দাবি তুলেছিল। পরবর্তী সময়ে এরই প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক সিডও সনদের ১৬টি ধারায়। যদিও নারীর অধিকার ও ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ দুটি ধারার ওপর থেকে সরকার এখনো সংরক্ষণ তুলে নেয়নি, বিবেচনায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
সমতা, উন্নয়ন ও শান্তি—যা আজও নারী প্রগতির আন্দোলনে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালে ঘোষিত সিডও সনদ এ ক্ষেত্রে এক শক্তিশালী মাত্রা হিসেবে যুক্ত হলো। এর সঙ্গে আরও উল্লেখ করতে হয় আন্তর্জাতিক চারটি বিশেষ সম্মেলনের কথা। প্রথমটি মেক্সিকো, দ্বিতীয়টি কোপেনহেগেন, তৃতীয়টি নাইরোবি এবং চতুর্থটি বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলন। এসব সম্মেলনে যেসব ইস্যু নিয়ে আওয়াজ তোলা হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। আজও বিশ্বের প্রায় প্রতিটি দেশে নারীরা বৈষম্যের শিকার, দেশীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠানে নারীকে অধস্তন করে রাখার প্রবণতা বিরাজমান।
তবে নারীর ভোটাধিকার অর্জিত হয়েছে, দাস প্রথার অবসান ঘটেছে, আট ঘণ্টা কাজের সময় মেনে নেওয়া হয়েছে, নারীর স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা এবং উন্নত বিশ্বে স্বাস্থ্যসেবা সরকারিভাবে দেওয়ার ব্যবস্থাও গৃহীত হয়েছে। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে নারীশিক্ষা, নারীকে রাজনৈতিক সচেতন ও নারীর কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা গৃহীত হয়েছে। বিভিন্ন সময়ের নারীর শক্তিশালী আন্দোলন জাতিসংঘের এ ব্যবস্থাগুলো এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।
এত কিছু অর্জনের পরও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে, সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজকাঠামো এবং পুরুষতান্ত্রিক মানসিকতা। আমাদের দেশের নারীরা এখনো ন্যায্য অধিকার পাচ্ছেন না। যৌন ও স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনক। পোশাকশিল্পে নারী শ্রমিকেরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা এনে জাতীয় উন্নয়নে অবদান রাখছেন অথচ কারখানায় আগুন লাগার কারণে প্রায়ই তাঁদের প্রাণ দিতে হচ্ছে। এমনকি সংকটের সময় বাইরে বেরিয়ে আসার অবাধ সুযোগ, তাঁদের উদ্ধার, আহত নারীদের যথাযথ চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয় না।
এ অবস্থা কোনোভাবেই জাতীয় উন্নতি ও অগ্রগতির সহায়ক হতে পারে না। তাই পুরুষের সমান সুযোগ, মজুরি এবং সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এ অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় নারী নির্যাতন চলছে নির্বিচারে, শ্লীলতাহানি, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, গণধর্ষণ, পুড়িয়ে মারা, বহুবিবাহ, যৌতুকসহ ফতোয়াবািজ চলছে অহরহ। আইন আছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ নেই।
অথচ বিভিন্ন ক্ষেত্রে নারীদের দৃপ্ত পদচারণ ঘটছে। নানা চ্যালেঞ্জিং পেশায় তাঁরা অবতীর্ণ, উচ্চতর পর্বতশৃঙ্গে আরোহণের ক্ষেত্রেও সমান দক্ষতা প্রদর্শন করে সম্প্রতি দৃষ্টান্ত তৈরি করেছে। বহু অভাবনীয় পদে নারী দাপটের সঙ্গে এগিয়েছেন। এখন প্রয়োজন নারী উন্নয়ন নীতির সঙ্গে সাহসী এবং অভিনব সামাজিক নীতির যোগসূত্র ঘটানো। আমাদের সংবিধানে ‘রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবে’ বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব ক্ষেত্রে সেই অঙ্গীকারের বাস্তবায়ন ঘটছে না। এর জন্য নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত করা গণমাধ্যমসহ সব পর্যায়ে নীতিনির্ধারণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং জাতীয় সংসদসহ রাজনৈতিক দলের প্রতিটি স্তরে ৩৩ ভাগ নারী প্রতিনিধিদের উপস্থিতি ও অংশগ্রহণের দািবকে প্রতিষ্ঠিত করা দরকার। কারণ, জাতিসংঘ মনে করে, কোনো দেশের নির্বাচনে এক-তৃতীয়াংশ নারী নেতৃত্ব না থাকলে সে দেশের নারীরা সামিগ্রকভাবে কোনো ভূমিকা রাখতে পারেন না। সময় এসেছে এই দািবটিকে নিছক নারী ইস্যু হিসেবে বিবেচনা না করে গণদািবতে পরিণত করার।
আমরা আশাহত নই, গর্ব করার মতো অনেক কিছু আছে আমাদের। সিডও দিবস হোক মানবিক হাতিয়ার শাণিত করার এবং নারীর চোখে দেশ, সমাজ ও বিশ্বকে দেখার দৃষ্টি লাভের দিন। কারণ আমরা জানি, বাংলাদেশের শাসনতন্ত্রের ধারা-উপধারার সঙ্গে সিডও সনদের অনুচ্ছেদ ২ সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশের নারী আন্দোলনের সামাজিক প্রতিরোধ কমিটি, নারী ও মানবাধিকার সংগঠনের দািব, অবিলম্বে বাংলাদেশ সরকার সিডও ২ ধারা অনুমোদন করুক।
লেখক: সাংবাদিক ও নারী অধিকারকর্মী