ইয়াবা ও মানব পাচার নিয়ে উদ্বেগ নাগরিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণ নেশা ইয়াবা মিয়ানমার থেকে পাচার হয়ে টেকনাফ দিয়েই প্রবেশ করে সারা দেশে। পাশাপাশি এ এলাকা থেকে সমুদ্রপথে মানব পাচার করছে একটি চক্র। টেকনাফ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে ইয়াবা ও মানব পাচারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় নাগরিকেরা। পাশাপাশি এসব অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের কাছেও সহযোগিতা চাইলেন পুলিশ কর্মকর্তারা।
১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় টেকনাফ থানার সম্মেলনকক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে পুলিশ সমস্যা সমাধানের চেষ্টা করে। এ জন্য নাগরিকদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত হয়েছে। এরই অংশ হিসেবে উন্মুক্ত মতবিনিময় সভা অর্থাৎ ওপেন হাউস ডের আয়োজন করা হয়েছে।
ওসি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন, পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ আলম।
অনুষ্ঠানে নাগরিকেরা বলেন, ইয়াবা ব্যসায়ীরা প্রকাশ্যে চলাফেরা করছে। এখন অধিকাংশ ইয়াবার চালান সমুদ্রপথে হচ্ছে। সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ ঠেকানো যাচ্ছে না।
এ ছাড়া উপকূলের কয়েকটি ঘাট দিয়ে প্রতিনিয়ত মালয়েশিয়ায় মানব পাচার হয় বলে উল্লেখ করেন নাগরিকেরা। মানব পাচার ও মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় ডায়রি করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, ইউনিয়ন পর্যায়ে পুলিশিং কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাজ হলো নিজ এলাকার মদ, জুয়া, চুরি, ডাকাতি, মানব পাচার ও ইয়াবা ব্যবসায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়া। তাঁদের কাছে থানার ফোন নাম্বার দেওয়া হয়েছে।