ইয়াবা চোরাচালান অপ্রতিরোধ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পর পর ধরা পড়ছে ইয়াবার চালান। চালানের সঙ্গে ধরা পড়ছে বাহকও। কিন্তু বাহক ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইয়াবা চোরাচালান। এখন সড়কের পাশাপাশি নৌ ও আকাশপথেও পাচার হচ্ছে ইয়াবা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে সর্বনাশা এই মাদকদ্রব্য। সে দেশের সীমান্তে স্থাপিত ৩৭টি ইয়াবা কারখানা থেকে ইয়াবা সরবরাহ দেওয়া হয়। এসব কারখানা উচ্ছেদে বারবার তাগাদা দেওয়া হলেও সে দেশের কোনো সাড়া মিলছে না। এদিকে ১৮ এপ্রিল তিন দিনের সরকারি সফরে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জেলার টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শন করেন।

বিজিবি সূত্র জানায়, ১৯ এপ্রিল রাতে বিজিবি সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের মৌলভিপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় চোরাচালানি মো. ইসমাইলকে আটক করেন। এর আগে চোরাচালানিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় বিজিবির চার সদস্য আহত হন। ১৭ এপ্রিল বিকেলে বিজিবি সদস্যরা মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৯৫৪ পিস ইয়াবাসহ দুই পাচারকারী টেকনাফের ইসমাইল হোসেন (৩৬) ও নাইক্ষ্যংছড়ির আনোয়ার হোসেনকে (১৫) আটক করেন। একই দিন (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ডের সদস্যরা কুতুবদিয়া সাগর চ্যানেলে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করেন। টেকনাফ থেকে ট্রলারে করে এই ইয়াবার চালান চট্টগ্রামের আনোয়ারায় পাচার হচ্ছিল।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সড়কপথে একাধিক সদস্য চেকপোস্ট বসিয়ে ইয়াবাবিরোধী অভিযান শুরু করায় পাচারকারীরা রুট পরিবর্তন করে সমুদ্রপথে মহেশখালী, কুতুবদিয়া, চৌফলদণ্ডী, মগনামা, পেকুয়া, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, শিকলবাহাসহ বিভিন্ন উপকূল দিয়ে ইয়াবার চালান খালাস করছে। অন্যদিকে, কয়েকটি সিন্ডিকেট আকাশপথে (বিমানে) কক্সবাজার থেকে ইয়াবার চালানঢাকায় পৌঁছে দিচ্ছে।

বিমানবন্দরের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ইয়াবা পাচারে সহযোগিতা দিয়ে অবৈধ সুবিধা নিচ্ছেন।

র‌্যাব সূত্র জানায়, ১৮ এপ্রিল দুপুরে র‌্যাব সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মী লুৎফর রহমানকে আটক করেন। বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত একজন নারী কর্মীর বিরুদ্ধেও ইয়াবা পাচারে সহযোগিতার অভিযোগ রয়েছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, মিয়ানমারের ৩৭টি কারখানায় উৎপাদিত বিভিন্ন প্রকারের ইয়াবা চালান টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে। প্রায় প্রতিদিন ইয়াবা চালান ধরাও পড়ছে। কিন্তু তার পরও ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন গভীর সমুদ্র দিয়ে ট্রলারে লুকিয়ে ইয়াবা চোরাচালান বাড়ছে। এ ছাড়া হাঁস-মুরগি, ফলমূলের ভেতরে ঢুকিয়ে ইয়াবা সরবরাহ দেওয়া হয়। আকাশপথেও ইয়াবা চোরাচালান হচ্ছে।

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী অতিক্রম করে টেকনাফের কয়েকটি সিন্ডিকেট ইয়াবার বড় চালান নিয়ে আসছে। বিপুল পরিমাণ ইয়াবাসহ বহনকারীদের আটক করা সম্ভব হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

মিয়ানমারে ৩৭ ইয়াবা কারখানা: বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে স্থাপিত ৩৭টি ইয়াবা কারখানা বন্ধ করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু এতে মিয়ানমারের কোনো সাড়া মিলছে না। এখন ইয়াবা চোরাচালান প্রতিরোধের পাশাপাশি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির পরিকল্পনা চলছে।

কর্নেল ফরিদ হাসান জানান, চলতি সালের গত তিন মাসে বিজিবি সদস্যরা টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১৫ কোটি টাকা দামের চার লাখ ৩৯ হাজার ২৪ পিস নিষিদ্ধ ইয়াবা জব্দ করেন। আরও ২৯ কোটি ৪০ লাখ টাকার অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ২০ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এসব মাদকদ্রব্য ধ্বংস করেন।

কঠোর সরকার: ২০ এপ্রিল দুপুরে কক্সবাজার বিজিবি সেক্টর মাঠে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ইয়াবার কোনো কারখানা নেই। পাশের একটি দেশে স্থাপিত কারখানায় ইয়াবা উৎপাদিত হচ্ছে এবং এই ইয়াবা বাংলাদেশে সরবরাহ করে দেশের যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে। তাই ইয়াবা চোরাচালান নির্মূল এবং ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে সরকার কঠোর হচ্ছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কারা ইয়াবা ব্যবসা করে, কারা ইয়াবার গডফাদার সরকার জানে। এখন বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা গডফাদারদের গ্রেপ্তার করা হবে। নিজ দলের (আওয়ামী লীগের) ইয়াবা ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ী যে দলের হোক, কোনো ছাড় দেওয়া হবে না।