একসময় মাছের জন্য খ্যাত টেকনাফের শাহপরীর দ্বীপ এখন ইয়াবা চোরাচালানের নিরাপদ স্থান। সমুদ্রপথে মানবপাচারের জন্য আলোচিত ছিল এই দ্বীপ। লোকজন সচেতন হওয়ায় মানবপাচার বন্ধ হয়েছে। এখন যেকোনো মূল্যে ইয়াবা চোরাচালানও বন্ধ করতে হবে।
গত বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের তিনপুলের মাথা নামক স্থানে আয়োজিত শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশিং ফোরামের সভায় বক্তারা এসব কথা বলেন।
জনগণের সহযোগিতা পেলে ইয়াবা চোরাচালান বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করে সভায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান বলেন, এলাকায় কারা ইয়াবা পাচার করে প্রতিবেশীরা জানেন। তাঁরা যদি এ ব্যাপারে পুলিশকে তথ্য দেন, তাহলে ইয়াবা চোরাচালানে কেউ আসবে না। ওসি বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। মাদক ব্যবসায়ী যত বড় গডফাদারই হোক, ছাড় দেবে না পুলিশ।
শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সোনা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি জাহেদ হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ চৌকির সুবেদার আতিকুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম, ফজলুল হক, কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি মনির উল্লাহ, সাধারণ সম্পাদক জায়েত উল্লাহ প্রমুখ।
সোনা আলী বলেন, নাফ নদী অতিক্রম করে রোহিঙ্গারা টেকনাফে ইয়াবা নিয়ে আসে। এই ইয়াবায় দেশের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হচ্ছে। তাই যেকোনো মূল্যে ইয়াবা চোরাচালান বন্ধ করতে হবে।
জাহেদ হোসেন বলেন, আগে শাহপরীর দ্বীপ ছিল সমুদ্রপথে মানবপাচারের নিরাপদ ঘাট। এখন পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন তৎপর হওয়ায় মানবপাচার বন্ধ আছে। ইয়াবা চোরাচালানও বন্ধ করতে হবে।
ওসি মাঈন উদ্দিন খান বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে। ইয়াবা ব্যবসা ও পাচার বন্ধ করতে হলে নির্ভুল তালিকা তৈরিতে জনগণের সহযোগিতা দরকার।