ইয়াবা পাচারে অভিনব কায়দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরা কঠিন, দেখেও বোঝার উপায় নেই। কখনো পলিথিনে জড়িয়ে গিলে ফেলে নিজেদের পেটে কিংবা কখনো হাঁস-মুরগি, গরু-ছাগলের পেটে ইয়াবা পাচার করছে পাচারকারীরা। মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা ইয়াবা বড়ি টেকনাফ ও কক্সবাজার থেকে এভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে। টেকনাফে সম্প্রতি এমন বেশ কয়েকটি ইয়াবার চালান আটক করেছে পুলিশ। ৭ জুন মো. ইসমাইল নামের এক রোহিঙ্গার কাছ থেকে দুই হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পলিথিনে জড়িয়ে নিজের পেটের ভেতর ইয়াবা বহন করছিলেন তিনি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, ‘বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রতি সপ্তাহে ইয়াবার দু-তিনটি চালান আটক হচ্ছে। পাচারকারীরা অভিনব কায়দায় মানুষের শরীর, ফলমূল-সবজি ও পণ্যবাহী গাড়িতে লুকিয়ে ইয়াবা পাচার করছে। নিয়মিত অভিযান চালানো হলেও পাচার বন্ধ হয়নি।’কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, ‘টেকনাফ সীমান্ত দিয়েই মূলত ইয়াবার চালান সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, বেকার তরুণ-তরুণী, নারী এমনকি শিশুরাও মাদক পাচারে জড়িয়ে পড়েছে। অনেকে ধরাও পড়ছে। তার পরও মাদক পাচার বন্ধ করা যাচ্ছে না। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মাদক পাচারের অন্যতম হোতাদের শনাক্ত করার চেষ্টা করছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাইভেট কার, পণ্যবোঝাই ট্রাক, দেশলাই-সিগারেটের প্যাকেট ও বোরকা পরা নারীদের শরীরে লুকিয়ে ইয়াবা পাচার করা হতো এত দিন। ইদানীং মানুষের পেটে, মুরগি, মাছ ও গবাদিপশু, কাঁঠাল, ডাব, আনারস, পেঁপেসহ তরকারির ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে। পুলিশের দফায় দফায় অভিযানের পরও ইয়াবা পাচারকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কক্সবাজার পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ জুন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ প্রায় ৪০ লাখ টাকা দামের ১২ হাজার ইয়াবা বড়ি ধ্বংস করে। এর মাত্র দুই সপ্তাহ আগে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন র‌্যাবের সদস্যরা। এ সময় ছয় পাচারকারীও আটক হয়। কিন্তু এ পর্যন্ত ইয়াবা পাচারের মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত মাসে উখিয়া থানার পুলিশ কোটি টাকা দামের ৪০ হাজার ইয়াবা বড়ি ধ্বংস করে। টেকনাফ থেকে প্রাইভেট কারে চট্টগ্রাম পাচারের সময় পুলিশ এই ইয়াবার চালানটি জব্দ করেছিল। কিন্তু এ পর্যন্ত পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি।কক্সবাজারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা: বেসরকারি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র ‘নোঙর’-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম জানান, জেলায় বর্তমানে ২০ হাজারের বেশি মাদকসেবী রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেরোইন ও ইয়াবা আসক্ত। এ ছাড়া ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার, যা এইডসের ঝুঁকি বাড়িয়েছে। ফেনসিডিল, হেরোইন, গাঁজা, ইনজেকশন ছাড়াও ইদানীং বহু তরুণ-তরুণী ইয়াবা ব্যবহার করছেন। অনুসন্ধানে জানা গেছে, শহরের বৈদ্যের ঘোনা, গোলদীঘি, ঘোনাপাড়া, বুদ্ধমন্দির সড়ক, টেকপাড়া, বড়বাজার, হাঙ্গরপাড়া, নুনিয়াছটা, বাহারছড়া, হাসপাতাল সড়ক, আলিরজাহান, বিডিআর ক্যাম্প, লারপাড়া, বাস টার্মিনাল, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়াসহ অন্তত ৫০টির বেশি এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান,‘শহরে এমন কোনো মাদকের আখড়া নেই, যেখানে পুলিশ অভিযান চালায়নি। পুলিশের অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়ে জেলে যায়, জামিনে মুক্ত হয়ে আবার এ ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, কুমিল্লা থেকে ফেনসিডিল ও গাঁজা বিভিন্ন পণ্যের সঙ্গে লুকিয়ে কক্সবাজার ও টেকনাফে আনা হয়। আর টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে পাচার করা হচ্ছে।