ইয়াবা পাচারের নতুন রুট নাইক্ষ্যংছড়ি
ইয়াবা পাচারের নতুন রুট হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। এ উপজেলার সীমান্তের ১০টি স্থান দিয়ে মিয়ানমারের কারখানায় তৈরি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ঢুকছে বাংলাদেশে। তারপর সড়কপথে রামু-গর্জনিয়া-ঈদগড় হয়ে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় নয়টি সিন্ডিকেটের শতাধিক সদস্য ইয়াবা পাচারে জড়িত। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় বিজিবি, র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইয়াবাবিরোধী অভিযান জোরদার করায় পাচারকারীরা রুট পরিবর্তন করে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, চেরাংকূল, কম্বনিয়াপাড়া, পর্দানঝিরি, ফুলতলী, দৌছড়ি, পাইনছড়ি, বাইশফাঁড়ি ও তুমব্রু পয়েন্ট দিয়ে ইয়াবা আনছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বর্তমানে নাইক্ষ্যংছড়ি দিয়ে ইয়াবা পাচার করছে নয়টি সিন্ডিকেট। এগুলো হলো: দেলোয়ার-রাসেল, সাইফুল-লাইতু চিং, শিমুল-আলী হোসেন, বিষ্ণু-জয়নাল, মৌলভী সালেহ-ফয়েজ উল্লাহ, কৃষ্ণ-হোসাইন, ক্যারালা অং-ইউনুছ, নুরু-সালেহ ও ফরিদ-মৌলভী শাহজাহান সিন্ডিকেট। প্রতিটি সিন্ডিকেটের সদস্যসংখ্যা ১০ থেকে ১২ জন। সোনাইছড়ির বাসিন্দা ও বান্দরবান জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এনিং মারমা বলেন, সোনাইছড়ির মারিগ্যাপাড়া ও থোয়াইগ্যাকাটা হচ্ছে ইয়াবা পাচারের নিরাপদ রুট। গুটি কয়েক ব্যক্তি এই ব্যবসা করে সুন্দর এ উপজাতীয় এলাকাটির পরিবেশ নষ্ট করছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেন, ইয়াবা পাচার প্রতিরোধে বিজিবি-পুলিশ-র্যাব কাজ করছে। ইয়াবাসহ বেশ কয়েকজন ধরাও পড়েছে।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, নাইক্ষ্যংছড়ি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এই রোহিঙ্গারাই ইয়াবা পাচারে জড়িত। তা ছাড়া দুর্গম সীমান্তের সুযোগ নিচ্ছে পাচারকারীরা। তবে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে।