ইয়াবা ব্যবসায়ীর অবৈধ ইটভাটা বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের ফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটাটি এখনো উচ্ছেদ হয়নি। এই ইটভাটার নেই কোনো ছাড়পত্র। বিধি ভেঙে সেখানে পোড়ানো হচ্ছে কাঠ। তার ওপর ইটভাটার মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তবু প্রকাশ্যেই ওই ইটভাটার কার্যক্রম চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল কবির অবৈধ ওই ইটভাটার মালিক। ইটভাটার আধা কিলোমিটার দূরেই সংরক্ষিত বন। সরেজমিনে গিয়ে ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করতেও দেখা গেছে। এ নিয়ে প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রামে’ ‘ফসলি জমিতে ইয়াবা ব্যবসায়ীর ইটভাটা’ শিরোনামে সংবাদও প্রকাশিত হয়েছিল গত ৬ ডিসেম্বর। তবে এরপরও ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটাটির বিরুদ্ধে।
গত ২৯ ফেব্রুয়ারি সকালে আলীখালী গ্রামের ওই ইটভাটায় গিয়ে দেখা গেছে, ইটভাটার চুল্লির পাশে সারি করে রাখা হয়েছে ইট। ভাটার চারদিকেই বিপুল পরিমাণ জ্বালানি কাঠ রাখা ছিল স্তূপ করে। ভাটার আধা কিলোমিটার পশ্চিমে সংরক্ষিত বন ও পাহাড়।
স্থানীয় চাষি মনজুর আলম জানান, প্রায় তিন একর ফসলি জমিতে ইটভাটাটি তৈরি করা হয়েছে। আগে এই জমিতে কৃষকেরা ধান, লবণ, ভুট্টা, মরিচ ও আলু চাষ করতেন।
টেকনাফ থানার পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৬৪ জনের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা অংশে নুরুল কবিরের নাম রয়েছে ২ নম্বরে। ১ নম্বরে রয়েছেন তাঁর বড় ভাই নুরুল হুদার নাম। ৩ ও ৪ নম্বরে রয়েছে তাঁর অপর দুই ভাই শামশুল হুদা ও নুর মোহাম্মদের নাম। ২০১৪ সালের ২০ মার্চ র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নুর মোহাম্মদ।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন জানান, নুরুল কবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। মানব পাচারকারীর তালিকাতেও তাঁর নাম আছে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলাও রয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে পুলিশ নুরুল কবিরকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিল। এরপর দুই মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জমিনে মুক্ত হয়ে ইটের ব্যবসা শুরু করেন।
সংরক্ষিত বনের পাশে ইটভাটা তৈরি প্রসঙ্গে নুরুল কবির বলেন, ইটভাটার আসল মালিক তাঁর বড় ভাই নুর মোহাম্মদ। ২০১৪ সালে তিনি নিহত হন। এরপর ভাটাটি অর্ধনির্মিত অবস্থায় পড়েছিল। গত বছরের ডিসেম্বরে ভাটা তৈরির কাজ শেষ হয়। ভাটার বিপরীতে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। বনের পাশে অবস্থান হওয়ায় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না। তবু ইট তৈরিতে সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।
নুরুল কবির বলেন, তালিকায় তাঁর নাম থাকলেও তিনি ইয়াবা ব্যবসা করেন না। বৈধ ব্যবসার টাকায় ইটভাটা তৈরি করেছেন। কিন্তু বৈধ ব্যবসাটা কী, জানাতে চাইলে তিনি সেটা জানাতে অস্বীকার করেন।
টেকনাফের সহকারী বনসংরক্ষক (এসিএফ) সরওয়ার আলম জানান, সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটাটি তৈরি হলেও বন বিভাগের করার কিছু নেই। পরিবেশ অধিদপ্তর ইটভাটা তৈরির ছাড়পত্র দিলেই জেলা প্রশাসন লাইসেন্স দিতে পারেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা এবং উচ্ছেদ করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, ‘এই ইটভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। অবৈধ ইটভাটাটি জানুয়ারিতে কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। এখন আবার ইট তৈরি হচ্ছে বলে খবর পেয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ প্রসঙ্গে ইটভাটার ব্যবস্থাপক মো. হাশেম বলেন, ‘এক দিনের জন্যও ভাটা বন্ধ ছিল না। পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটা বন্ধের জন্য নোটিশ পাঠিয়েছিল। এরপর তারা আর ঝামেলা করেনি। আমরা সবদিক ঠিক করে ইটের ব্যবসা করছি।’