ইয়াবার ট্রানজিট টেকনাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অভিনব কায়দায় নানা কৌশলে প্রতিদিন দেশে ঢুকছে নিষিদ্ধ বড়ি ইয়াবা। ইয়াবা পাচারকারী চক্র টেকনাফকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সারা দেশে সরবরাহ দিতে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর সার্কেলের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, ইয়াবার প্রধান রুট টেকনাফ। এরপর কক্সবাজার হয়ে চট্টগ্রাম-ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পাচারকারীরা শরীরে বেঁধে, পায়ুপথ, টর্চলাইট, সিগারেট ও দেশলাইয়ের প্যাকেট, মুঠোফোন এবং ল্যাপটপের ভেতরে ইয়াবা পাচার করে। অনেক সময় পানের ঝুড়ি, সুপারির বস্তা, মিষ্টিকুমড়া, পেঁপে ও কাঁঠালের ভেতরও ইয়াবা বহন করছে। জানা যায়, ২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টেকনাফ থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও কোস্টগার্ড পৃথক অভিযানে তিন লাখ ২৮ হাজার ৫৭৯টি ইয়াবা বড়িসহ ২২৬ জনকে আটক করে। এর মধ্যে ৪৩ জন নারী ও ২৯ জন শিশু-কিশোর। থানায় মামলা হয়েছে ১৫০টি। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য ১৬ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘ইয়াবা পাচার কাজে নারী, বেকার যুবক ও শিশুদের ব্যবহার করা হচ্ছে। তাদের গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্ত হয়ে আবার মাদক পাচারে জড়িয়ে পড়ে। এ কারণে ইয়াবা ব্যবসা রোধ করা কঠিন হয়ে পড়েছে।’ বিজিবি সূত্র জানায়, সীমান্তে প্রায় প্রতিদিন ছোটবড় ইয়াবার চালান ধরা পড়ছে। বর্তমানে সাগরপথেও ইয়াবা পাচার হচ্ছে। গত দুই-এক মাসে কয়েক দফায় পাচারকারীসহ প্রায় ছয় কোটি টাকার ইয়াবা জব্দ করা হয়। কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদক পাচার বন্ধ করা যাচ্ছে না।এ প্রসঙ্গে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে জানান, সীমান্তে ইয়াবা পাচারকারী চক্র নানা কৌশলে মাদক চোরাচালান করছে। ইয়াবা পাচার প্রতিরোধ করতে ডগ স্কোয়াড নামানোর পর থেকে আটকের ঘটনা কমে গেছে। তারা এখন ভিন্ন কৌশল অবলম্বন করছে বলে মনে হচ্ছে।পুলিশ সূত্র জানায়, বিজিবির ‘ডগ স্কোয়াড’ নামানোর পর থেকে চোরাচালানিরা এখন পায়ুপথে ইয়াবা পাচার করছে। ১৩ ডিসেম্বর টেকনাফ থানা পুলিশ এ রকম একটি চালান আটক করে। ওই সময় কক্সবাজারের রামুর বাসিন্দা মো. আনোয়ার ও চট্টগ্রামের সাইফুল ইসলামের পায়ুপথ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ইয়াবা পাচারে মিয়ানমার-টেকনাফের একটি চক্র গড়ে উঠেছে। এদের অধিকাংশ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইয়াবা পাচারে জড়িতদের একটি তালিকা পাওয়া গেছে। তাদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’