ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধে কঠোর হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ ও সেই দেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন মিয়ানমার সীমান্তের ঘুমধুম বিওপি (ফাঁড়ি) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পাশাপাশি বিজিবির সদস্যদের সীমান্ত পিলারগুলো নিয়মিতভাবে পাহারার নির্দেশ দেন।
মহাপরিচালক বলেন, মিয়ানমার থেকে চোরাই পথে আসা ইয়াবা টেকনাফ সীমান্ত দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা চোরাচালান বন্ধের মাধ্যমে বিজিবির সদস্যদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়িত্ব নিতে হবে।
এরপর বিজিবি মহাপরিচালক বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের মৈত্রী সেতু পরিদর্শনে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রাকাপা পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল থাই হান তাঁকে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রমুখ।
বিজিবি সূত্র জানায়, বিজিবি মহাপরিচালক আগের দিন গত ১৮ ফেব্রুয়ারি টেকনাফ সীমান্ত পরিদর্শন করেন।