ইয়াসিনের এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপলকে আপাদমস্তকে চোখ বোলানোর পর মনে হলো, আড্ডার মধ্যমণি হিসেবে তাঁকেই মানায়। পুরো নাম ইয়াসিন আরাফাত। তাঁকে ছাড়া নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের আড্ডাবাজি পানসে ঠেকে বন্ধুদের কাছে। আস্তে আস্তে বিষয়টি আমরা কাছ থেকে উপলব্ধি করি। সিনেমাপাগল আর আড্ডাবাজিতে প্রথম ইয়াসিন ক্লাসেও প্রথম!ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩ দশমিক ৯২ পেয়ে ১১তম ব্যাচে প্রথম হয়েছেন এই ইয়াসিন আরাফাত।শিক্ষক বাবা মোসাদ্দেক হোসেনকে দেখে দেখে শিক্ষক হওয়ার একটা স্বপ্ন লালন করে আসছেন ছোটবেলা থেকে। ময়ানুবর্তিতা, জীবনাদর্শ, নৈতিকতা, শিক্ষা আর পড়াশোনার নানা খুঁটিনাটি সমস্যার সমাধান বাবার কাছ থেকেই পেয়েছেন। নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে জরুরি, তাই নানা ব্যস্ততার মধ্যেও প্রতিদিনের পড়াটা যথাসময়ে শেষ করে ফেলতেন বলেই এমন ফল হয়েছে বলে বিশ্বাস করেন ইয়াসিন, ‘আজীবন কৃতজ্ঞ থাকব মা-বাবার কাছে। তাঁদের নিরলস উৎসাহ এবং দোয়াই আমাকে এত দূর আসার প্রেরণা দিয়েছে।’ বলছিলেন ইয়াসিন, ‘ফলাফল শুনে মা-বাবাই সবচেয়ে খুশি হয়েছেন। এখন শিক্ষক হতে পারলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর শিক্ষা নিয়ে গবেষণাও করতে চাই আমি।’শিক্ষা বিষয়ে পড়েছেন, তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবনা তো আছেই। স্বপ্ন দেখেন, শতভাগ সুশিক্ষিত একটি জাতির। আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অংশীদার হতে চান এই তরুণ। বাংলাদেশের শিশুশিক্ষা পদ্ধতির গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করেছেন ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে।প্রকল্পটির নাম—‘প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিক্ষাকে কার্যকর ও আনন্দময় করে তোলার জন্য প্রয়োজনীয় পদ্ধতি ও উপকরণ’। শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ভর করে প্রাথমিক শিক্ষা কতটা বুনিয়াদি তার ওপর। শিশুর সঠিক পাঠ্যসূচি ও মেধাবিকাশের ক্ষেত্রগুলো নির্ণয় করে শিক্ষাপদ্ধতি প্রণয়ন করলে সে সঠিক সময়ে উপযুক্ত শিক্ষা পাবে। গান, কবিতা ও আবৃত্তিতে ইয়াসিনের রয়েছে বেশ ভালো দখল। শখের বসে গান করলেও আইইআরের কয়েকটি অনুষ্ঠানে গানও গেয়েছেন তিনি। চট্টগ্রাম কলেজে পড়াকালীন কবিতা আবৃত্তিতে পুরস্কার উঠেছিল তাঁর হাতে। ‘একা পাখি’ গানটি খুব প্রিয় তাঁর। তাই ঠোঁটে গানটি লেগে থাকে সব সময়।