মানুষের মনের সঙ্গে পিথাগোরাসের উপপাদ্যের অসম্ভব মিল রয়েছে। দুটোর কোনোটাই ঠিকমতো বোঝা যায় না। কী যে সমস্যা! শেয়ারের কথাই ভেবে দেখুন। চাল-ডাল, আলু, মুরগি এমনকি প্লাস্টিকের চেয়ারের দাম একটু বাড়লেই মানুষের মাথায় জ্বলে ওঠে ভিসুভিয়াস। ‘দাম কমাও দাম কমাও’ বলে মানুষ সরকারের কান একেবারে ঝালাপালা করে দেয়। অথচ কী আশ্চর্য! শেয়ারের দাম কমে গেছে শুনেই সবার মাথা খারাপ হয়ে গেল। মতিঝিলের যে রাস্তায় সুশৃঙ্খল জ্যাম থাকত, সে রাস্তায় মারামারি ভাঙচুর করে একেবারে যা তা অবস্থা! কেন রে ভাই? একটা জিনিসের দাম কমেছে, কোথায় আরও খুশি হয়ে আনন্দ-ফুর্তি আর মিষ্টি বিতরণ করবে তা না, শুরু হয়ে গেল জ্বালাও-পোড়াও। কেন যে রবীন্দ্রনাথ আগুন জ্বালো, আগুন জ্বালো টাইপ গান লিখে রেখে গেছেন তা তিনিই জানেন। তার এই গানের কারণেই তো চান্স পেলেই সবাই আগুন জ্বালিয়ে দেয়। আরে অবুঝের দল, এই শেয়ারবাজারে দাম কমেছে তো কি হয়েছে? আরও তো কত শেয়ার আছে। শেয়ারের ধসে যদি মন ধসে যায় যাক না, ফেসবুকে শেয়ার অপশনটা আছে কী জন্য? ওখানে স্ট্যাটাস, ভিডিও, লিংক ইত্যাদি শেয়ার করলেই তো ল্যাঠা চুকে যায়। তাও যদি না পারেন, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় কারও সঙ্গে শেয়ারে মিরপুর ১৪ নাম্বার থেকে কচুক্ষেত পর্যন্ত ঘুরে আসতে পারেন। খরচ বেড়ে যাচ্ছে? বাসা ছেড়ে বন্ধুর সঙ্গে রুম শেয়ার করুন। বন্ধুত্ব আরও গাঢ় হবে। সেটাও পছন্দ না হলে একটা কিমা পুরি কয়েকজন মিলে শেয়ার করে খান। দেখবেন ভালো লাগবে। তবে সমস্যা হলো, আজকালকার কিমাপুরিগুলোতে কিমা পাওয়াই যায় না। সে ক্ষেত্রে হোটেলের বয়কে শেয়ারে কিল-ঘুষি দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় রস+আলোর লেখাগুলো সবার সঙ্গে শেয়ার করলে। রস+আলো পড়লেই মেজাজ খারাপ হয়ে যাবে। তখন শেয়ারের কথা ভুলে যাবেন। যা-ই হোক। আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আর না। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। একটু মতিঝিলের ওদিকটায় যাব তো।