ইয়ুথ ফর ওয়েলফেয়ারের দুই বছর পূর্তি উদ্যাপন
মেডিকেল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের (ওয়াইডব্লিউ) দুই বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর নগরের জিইসি মোড়ের একটি হোটেল মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এতে ওয়াইডব্লিউ ছাড়াও ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ছিল বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক (বিজিএন), মানবিক, ইরা, সাইনিং ইয়ুথ ক্লাব, বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিওয়াইডিএন) ও সহযাত্রীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইমাম হোসাইন। এতে সাংগঠনিক পরিষদকে পুনর্গঠিত করে আদনান মাহমুদকে সভাপতি, হামিদ হোছাইনকে সাধারণ সম্পাদক ও আতাউল হোসাইনকে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ইয়ুথ ফর ওয়েলফেয়ার। এ পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও নগর পর্যায়ে ১৭টি স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজন করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।