ঈগলসের মঞ্চ মাতানো নাচ
শুরুটা হলো ফ্যাশন কিউ দিয়ে। আলোঝলমলে র্যাম্পে দেশসেরা মডেলদের ক্যাটওয়াকের রেশ তখনো কাটেনি। হঠাৎই নিভে গেল মঞ্চের আলো। খানিক বিরতি দিয়ে আলো জ্বলে উঠতেই দেখা গেল সাদা পোশাকের চার তরুণ ও কালো পোশাক পরা এক তরুণীকে। নৈঃশব্দ ভেঙে বেজে উঠল ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’ গানটির রিমিক্স। প্রাণবন্ত গানের সঙ্গে চলল তারুণ্যদীপ্ত নাচ। যেন সাদা আর কালোর দ্বৈরথ। ঢাকার ড্যান্স গ্রুপ ঈগলসের সদস্যরা এবার নুরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার ফ্যাশন কিউর ফাঁকে ফাঁকে এভাবেই দর্শকদের মাতিয়ে রাখেন।‘স্বপ্নেরা আজ ইচ্ছেমতো’, ‘নেশা লাগিলো রে’, ‘এখনি সময়’ ও ‘দোলা দে’ এমনসব গানের সঙ্গে ঈগলস সদস্যদের ফিউশনধর্মী নাচ আনন্দে মাতিয়ে রাখে দর্শকদের। অভিনব ছিল শিল্পীদের পোশাক নির্বাচনও। একেক নাচের সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ পোশাক পরিবেশনায় নতুন মাত্রা যোগ করেছে। দর্শকদের জন্য র্যাম্পের ফাঁকে ফাঁকে বারবারই আনন্দের উপলক্ষ তৈরি করেছেন তরুণ ঈগলসরা। তাঁদের প্রাচ্য ও পাশ্চাত্য ধারার মিশ্র নাচ ফ্যাশন শোর আয়োজনকে একঘেয়ে হতে দেয়নি। ‘এলাহী কাণ্ড’, ‘ডুবা ডুবা’, ‘হাজারো মনের ভিড়ে’ এ তিনটি গানের সঙ্গে নাচ মুগ্ধ করেছে দর্শকদের। ফ্যাশন শোর ঝলমলে এই আয়োজনে পাঁচমিশালী গানের সঙ্গে ছিল তাঁদের সর্বশেষ পরিবেশনা। ‘জলপড়ে পাতা নড়ে’, ‘এক নজর না দেখিলে বন্ধ’ু, ‘হাজার দর্শক মন মজাইয়া’ এ তিনটি গানের সঙ্গে শেষ হয় ঈগলস অধ্যায়। তবে মিলনায়তনজুড়ে চলতে থাকা করতালি জানিয়ে দিচ্ছিল দর্শকের মুগ্ধতা কাটেনি সহজে।