ঈদ আনন্দে ঘোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের সময় পরিবার নিয়ে ঢাকাসহ বড় বড় শহর ছেড়ে নিজের বাড়ি চলে যান বেশির ভাগ মানুষ। তারপর শহরে থাকেন অনেকেই। তাঁদের জন্য ঈদের দিন খোলা থাকে বিনোদনকেন্দ্রগুলো। ঈদের দিন বা ঈদের ছুটিতে ঘুরে বেড়ানো যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুরের এমন কিছু বিনোদনকেন্দ্রের খোঁজ থাকছে এখানে।
তথ্য সংগ্রহ: তারিকুর রহমান খান, এম জসীম উদ্দীন, আনোয়ার পারভেজ, আশরাফউল্লাহ ও সুমনকুমার দাশ


ঢাকা
জাতীয় জাদুঘর, শাহবাগ

ঈদের সময় জাদুঘর খোলা থাকবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিকিটের মূল্য ৩ থেকে ১২ বছর বয়সীদের জন্য ৫ টাকা, ১২ বছরের বেশি বয়সীদের জন্য ১০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ৭৫ টাকা।

 লালবাগ কেল্লা, লালবাগ

লালবাগ কেল্লা খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিটের মূল্য ২০ টাকা। পাঁচ বছরের নিচের শিশুদের টিকিট লাগবে না।

আহসান মঞ্জিল, সদরঘাট
আহসান মঞ্জিল, সদরঘাট

আহসান মঞ্জিল, সদরঘাট

আহসান মঞ্জিল ঈদে শনিবার থেকে বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য ২০ টাকা, শিশু ৫ টাকা। প ্রতিবন্ধী ব্যক্তিদের কোনো টিকিট লাগবে না।

 শিশুপার্ক, শাহবাগ

প্রতিবছর ঈদ উপলক্ষে শিশুদের জন্য ঈদ আয়োজন করে শিশুপার্ক কর্তৃপক্ষ। ঈদের দিন শিশুপার্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য ৮ টাকা। তবে প্রতিটি রাইডে উঠতে হলে ৬ টাকার আলাদা আলাদা টিকিট কাটতে হবে।

জাতীয় চিড়িয়াখানা, মিরপুর
জাতীয় চিড়িয়াখানা, মিরপুর

জাতীয় চিড়িয়াখানা, মিরপুর

ঈদের সময় জাতীয় চিড়িয়াখানা খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা। দুই বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট লাগবে না।

 হাতিরঝিল

হাতিরঝিলে এফডিসি মোড় প্রান্ত থেকে রামপুরা ও বাড্ডা লিংক রোড পর্যন্ত চলাচল করবে ওয়াটার ট্যাক্সিগুলো। এফডিসি মোড় থেকে রামপুরা ২৫ টাকা এবং বাড্ডা লিংক রোড পর্যন্ত ৩০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। বিপরীত দিকে আসার সময় একই ভাড়া। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ওয়াটার ট্যাক্সি চলে। এ ছাড়া হাতিরঝিলে ঘোরার সুযোগ রয়েছে প্যাডেলচালিত বোটে (পা দিয়ে চালিত নৌকা)। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বোট চলে। আধা ঘণ্টা ১৫০ টাকা, এক ঘণ্টায় ২৫০ টাকা। মেরুল বাড্ডার ওয়াটার ট্যাক্সির ঘাট থেকে টিকিট কিনতে হবে।

 ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া

ঈদে পার্কটি খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিশুদের প্রবেশমূল্য ৩৫০-৫০০ টাকা, বড়দের বেলায় ৬৫০-৮০০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশমূল্য ৬৫০-৮০০ টাকা। তবে ঈদের সময়টা বিশেষ অফারেও টিকিট বিক্রি করা হয়।

 নন্দন পার্ক, আশুলিয়া

প্রতিবছর ঈদে পার্কে কনসার্টের ব্যবস্থা করা হয়। ঈদের সময় নন্দন পার্ক খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সব রাইডসহ প্রবেশমূল্য জনপ্রতি ৪৯০ টাকা।

 ওয়ান্ডারল্যান্ড পার্ক, সায়েদাবাদ

ওয়ান্ডারল্যান্ড পার্ক ঈদের দিনগুলোতে খোলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা। রাইডের মূল্য ৩০ টাকা।

 আফতাবনগর

আফতাবনগরে ঈদের সময় গ্রামীণ খেলনা উপকরণ নিয়ে মেলার আয়োজন করা হয়। এ ছাড়া পাশেই বালু নদ। নদের শোভাও উপভোগ করতে পারেন ঈদের এই ছুটির সময়।

 দিয়াবাড়ি, উত্তরা

উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়িতে ঈদের সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারবে নানা বয়সী লোকজন।

 গোলাপ গ্রাম, সাহদুলাপুর

সাভারের সাহদুলাপুরে গোলাপ বাগান অবস্থিত। পুরো গ্রামটি গোলাপ বাগানে পরিপূর্ণ। নানা রঙের গোলাপ দেখতে পাবেন এই গ্রামটিতে। ঈদের সময় পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন।

 পানাম নগর ও মেঘনা ঘাট

পানাম নগরে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে। পানাম নগরের পাশেই মেঘনা ঘাট। ঈদের সময় মেঘনা ঘাটে নৌকায় ঘণ্টা অনুযায়ী ভ্রমণের ব্যবস্থা রয়েছে।

 বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর

ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবস্থিত বাঘের বাজার। বাঘের বাজার থেকে আরও তিন কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রাপ্তবয়স্ক জনপ্রতি পার্কে প্রবেশমূল্য ৫০ টাকা এবং ১৮ বয়সীদের নিচে প্রবেশমূল্য ২০ টাকা। গাড়িতে করে কোর সাফারি পার্ক পরিদর্শন প্রাপ্তবয়স্কদের প্রতিজনের টিকিট ১০০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা। প্যাডেল বোট ভ্রমণ ৩০ মিনিট ২০০ টাকা।

 বরিশাল

দুর্গাসাগর

বরিশাল নগর থেকে ১২ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর। বিশাল দিঘি আর দিঘিতে পাখির কলরব, শানবাঁধানো ঘাট ও প্রকৃতির মায়াবী পরিবেশ মুগ্ধ করে যে কাউকে। নগরের নথুল্লাবাদ ও নতুন বাজার থেকে সরাসরি বাসে এখানে যাওয়া যায়।

 গুঠিয়া মসজিদ

বরিশাল থেকে ২২ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলায় গুঠিয়া মসজিদটি আপনাকে মোহিত করবে। মসজিদের আশপাশ ঘিরে গড়ে উঠেছে নানা দৃষ্টিনন্দন স্থাপনা। বরিশাল নগরের নথুল্লাবাদ ও নতুন বাজার থেকে সরাসারি বাসে এখানে যাওয়া যায়।

 বরিশাল নগরে

মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, প্লানেট ওয়ার্ল্ড, ত্রিশ গোডাউনসহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে আসা যাবে ঈদের সময়।

 কুয়াকাটা

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় রয়েছে সূর্যোদয়-সূর্যাস্ত অবলোকনের সবচেয়ে বড় সুযোগ। এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার রাখাইনদের জীবনাচরণসহ নানা দিক দিয়ে বৈচিত্র্যে পরিপূর্ণ কুয়াকাটা। বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি কুয়াকাটার সঙ্গে রয়েছে মসৃণ সড়ক যোগাযোগ।

 বগুড়া

বগুড়া শহরে ঈদের দিন ঘোরা যাবে অ্যাডওয়ার্ড পৌর পার্ক, নওয়াব প্যালেস, ওয়ান্ডারল্যান্ডে। এ ছাড়া মহাস্থানগড়, বেহুলার বাসরঘর (গোকুল মেধ), গোবিন্দভিটা ও শেরপুরের পার্কসিটিও।

অ্যাডওয়ার্ড পৌর পার্কে দর্শনীয় ফি লাগবে না। নওয়াব প্যালেসে প্রবেশ ফি ৫০, ওয়ান্ডারল্যান্ডে ৭০, মহাস্থান জাদুঘর ও বেহুলার বাসরঘর ২০ টাকা, গোবিন্দভিটায় ১০ টাকা। ঈদের দিনে মহাস্থান জাদুঘর বন্ধ থাকবে; তবে ঈদের পরদিন থেকে খোলা থাকবে।

কীভাবে যাবেন—বগুড়া থেকে মহাস্থানগড় বাসে বা সিএনজিচালিত অটোরিকশায় যাওয়া যাবে। ভাড়া লাগবে ১৫ থেকে ৩০ টাকা। বেহুলার বাসরঘরে যেতে লাগবে আরও ১০ টাকা। ভাসুবিহারে যেতে ভ্যান, রিকশা বা অটোরিকশা রিজার্ভ নিতে হবে। বগুড়া শহর থেকে সারিয়াকান্দি প্রেমযমুনার ঘাট বা কালীতলা গ্রোয়েনে যাওয়া যাবে অটোরিকশায়। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। বগুড়া থেকে গেটলক বাসে শেরপুর থেকে পৌঁছা যাবে খেরুয়া মসজিদে। ভাড়া লাগবে ২০ থেকে ৩০ টাকা।

রাতারগুল
রাতারগুল

সিলেট
টিলাগড় ইকোপার্ক

শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টিলাগড় আলুরতল এলাকায় ইকোপার্কটি অবস্থিত। বন বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত এ ইকোপার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। ইকোপার্কের দুপাশে সুউচ্চ সব টিলার মধ্যে সারি সারি গাছ আর ঝোপঝাড় অন্য রকম এক মুগ্ধতা ছড়ায়। ঝোপঝাড়ের মধ্যে রয়েছে নানা ধরনের বন্য পশু, পাখি, সাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। পার্কের মাঝ বরাবর যে আঁকাবাঁকা রাস্তাটি চলে গেছে, এটি দিয়ে হাঁটার সময় এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি করবে।

 ওসমানী শিশু উদ্যান

নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় শিশু উদ্যানটির অবস্থান। সারা দিন হইহুল্লোড়, খেলাধুলা, খাওয়াদাওয়ার জন্য চমৎকার বিনোদনকেন্দ্র। প্রবেশ ফি ২০ টাকা।

 ড্রিমল্যান্ড পার্ক

শহর থেকে মিনিট বিশেক দূরত্বে গোলাপগঞ্জের হিলালপুর এলাকায় ড্রিমল্যান্ড পার্কের অবস্থান। শহর থেকে কিছুটা দূরে হলেও এখানে দর্শনার্থীদের সংখ্যা নেহাত কম থাকে না। এই বিনোদনকেন্দ্রটির ভেতরে বিশাল পরিসর। এখানকার ওয়াটার রাইডটি বিনোদন-পিপাসুদের কাছে উল্লেখযোগ্য আকর্ষণ। ছোট-বড় সবার জন্যই রয়েছে আলাদা সব রাইড। এই পার্কে প্রবেশ ফি ২৫০ টাকা। যেকোনো রাইডে চড়তে গেলে খরচ হবে ৫০ টাকা। তবে ওয়াটার রাইডের ক্ষেত্রে জনপ্রতি ৩০০ টাকা গুনতে হয়।

এ ছাড়া সিলেটের লালাখাল, রাতারগুল, বিছানাকান্দিসহ নানা জায়গা আছে, যা বর্ষার ঘোরার জন্য উপযোগী।