ঈদ আনন্দের ভাগাভাগি

৭ জুলাই। দুপুর থেকে আকাশের মুখ ভার। থেমে থেমে নামছে বৃষ্টি। প্রকৃতির এমন বৈরী আচরণেও নগরের তুলাতলী বস্তির চারুলতা বিদ্যাপীঠে খুশির জোয়ার। বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের হাতে হাতে নতুন পোশাকের প্যাকেট। সবার মুখে হাসি। যেন ঈদ আনন্দের একটি পর্ব তাদের আজই হয়ে গেল।
তাদের একজন মোহাম্মদ সেলিম। সাত বছর বয়সী সেলিম এ বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাবা রিকশাচালক আর মা গৃহকর্মী হওয়ায় সেলিমের দৈনন্দিন জীবনের চাহিদাগুলো প্রায় থাকে অপূর্ণ। ঈদে নতুন কাপড় তার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতোই। কিন্তু সেদিনকার বৃষ্টিস্নাত বিকেল সেলিমের কাছে হয়ে উঠল অন্য রকম। নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা সে।
সেদিন সেলিমের মতো তুলাতলী বস্তির প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে এমন আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন চারুলতা।
চারুলতা ছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের কিছু সংগঠন। নিজেদের সামর্থ্য অনুযায়ী তাঁরা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর ছুটে চলেছেন তাঁরা।
চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের আরেকটি সংগঠন স্বপ্ন মিছিল। এ বছর ষষ্ঠবারের মতো তারা ঈদবস্ত্র তুলে দিয়েছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে। ১০ জুলাই নগরের শের শাহ এলাকার ছিন্নমূল বস্তির ১২০ শিশুর হাতে ইফতার ও ঈদবস্ত্র তুলে দেন স্বপ্ন মিছিলের সদস্যরা। সংগঠনের স্বেচ্ছাসেবক তারেক বিন জাফরের কাছে এটা দায়বদ্ধতার অংশ। তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি দেশের জন্য কিছু করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর অসহায় মানুষগুলোর পাশে আমরা না দাঁড়ালে অন্যরা উৎসাহ পাবে না।’
এদিকে একই দিন ঈদবস্ত্র বিতরণ করে তরুণদের সংগঠন ইরা। স্বপ্নের এই ফেরিওয়ালারা ইফতারের পর থেকেই ভ্যান নিয়ে ঘুরে বেড়ান নগরের প্রবর্তক মোড়, জিইসি মোড়, চকবাজার, কাজীর দেউড়ি ও স্টেশন রোড এলাকায়। এ সময় তাঁরা এসব এলাকার প্রায় সাড়ে চার শ সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেন ঈদের নতুন কাপড়। এ সংগঠনের স্বেচ্ছাসেবক জয়া শর্মা বলেন, ‘ভালো লাগা থেকে আমরা এসব কাজ করি। অসহায় মানুষকে খুশি করতে পেরে তৃপ্ত হই নিজেরাও। এ বছর চতুর্থবারের মতো আমরা ঈদের কাপড় বিতরণ করলাম। প্রতিবারের মতো এবারও স্বেচ্ছাসেবকদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে এ কার্যক্রম।’
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন মানবিক। তারাও চতুর্থবারের মতো এ বছর ঈদের নতুন কাপড় বিতরণ করেছে। ফেসবুক ইভেন্ট, স্বেচ্ছাসেবকদের নিজস্ব ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে ঈদবস্ত্র বিতরণ করে সংগঠনটি। চার দফায় নগরের চকবাজার, দেওয়ানহাট, কাজীর দেউড়ি ও প্রবর্তক মোড় এলাকায় প্রায় সাড়ে ছয় শ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন এ সংগঠনের সদস্যরা। মানবিকের সভাপতি বশির আহমেদ বলেন, ‘ভালো কাজের সঙ্গে তরুণেরা সব সময় থাকে। একজনের দেখাদেখি আরেকজন নামছে সামাজিক কাজে।’
স্বেচ্ছাসেবী সংগঠন স্রোতের সদস্যরাও ইফতার ও ঈদের নতুন কাপড় বিতরণের আয়োজন করেন ১১ জুলাই। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে এ আয়োজন করা হয়। এ ছাড়া ১৩ জুলাই নগরের মুরাদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভয়েসের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হবে ঈদবস্ত্র। নতুন কাপড় বিতরণ ছাড়াও সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে মেহেদি লাগিয়ে দেবেন স্বেচ্ছাসেবকেরা। শিশুদের জন্য রয়েছে ইফতার ও রাতের খাবারের আয়োজনও। এ ছাড়া সহযাত্রিক, ডেলিবারেট বাংলাদেশ ও প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরাও ঈদে নতুন কাপড় বিতরণের আয়োজন করেছেন।