ঈদ কেটেছে কাজের চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানে হাসি আনন্দ, খাওয়াদাওয়া, ঘুরে বেড়ানো, পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু কিছু পেশার মানুষ দায়িত্বের কারণে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন না। বিদ্যুৎ বিভাগ, হাসপাতাল, ওয়াসা, ফায়ার সার্ভিস, গণপরিবহন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও বিনোদনকেন্দ্রে কর্মরত লোকজনকে এ দিন বিশেষ দায়িত্ব পালন করতে হয়। এমনই একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএলএসএস (পিয়ন) এনায়েত মিয়া। ঈদের দিন বিকেলে হাসপাতালে আসতে হয় তাঁকে। ঈদের দিনে কাজ করতে কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। ঈদের দিন বলে যে রোগ হবে না, কিংবা দুর্ঘটনা ঘটবে না, তা তো নয়।’ঈদের দিন চিকিৎসক এবং সেবিকাদের অনেককেই কাজ করতে হয়। কেমন লাগে ঈদের দিন কাজ করতে? এমন প্রশ্নের উত্তরে এখানকার একজন সেবিকা নাম প্রকাশ না করে জানালেন, যেকোনো সময় রোগীদের সেবাদানের শপথ নিয়েই এই পেশায় এসেছেন তাঁরা। তাই ঈদের সময় কাজ করাটা দায়িত্বের মধ্যেই পড়ে।২০০০ সাল থেকে কর্মক্ষত্রে ঈদ উদ্যাপন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ ও যান্ত্রিক শাখার সহকারী মেকানিকস মো. আবুল কাশেম। তিনি বলেন, ‘মেডিকেল কলেজ হাসপাতালে পানি ও বিদ্যুৎ সরবরাহ বছরের কোনো সময়ই এক সেকেন্ডের জন্যও বন্ধ হওয়া চলবে না। তাই আমরা ঈদের সময়ও থাকি সর্বোচ্চ সতর্ক অবস্থায়।’অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঈদের দিনেও প্রস্তুত থাকতে হয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের। এ নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিনের সঙ্গে। তিনি জানান, ঈদের দিনেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। এ দিন বড় কোনো প্রয়োজনে যাতে ঊর্ধ্বতন সব কর্মকর্তা দায়িত্ব পালনে ছুটে যেতে পারেন, ওই রকম প্রস্তুতি ছিল তাঁদের।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, তাদের বিভিন্ন নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলো ২৪ ঘণ্টাই চালু রাখতে হয়। তাই নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলোয় কর্মরত প্রকৌশলী, ফোরম্যান, টেকনিশিয়ান, লাইনম্যানদের অনেকে ঈদের দিনেও কাজ করেছেন।ঈদের দিন দায়িত্ব পালন করতে হয়েছে পুলিশ সদস্যদেরও। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, ঈদের সময় তাঁদের কাজ আরও বেড়ে যায়। তিনি বলেন, ঈদের দিন প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মেই কাজকর্ম হয়েছে। আসলে পুলিশের ঈদ বলে কিছু নেই।ঈদে কেউ কেউ ছুটি পেয়েছে। বেশির ভাগ কর্মীকে ছুটি দেওয়া হয়নি। কিছু বাড়তি আয়ের জন্য ঈদের দিনেও গাড়ি চালিয়েছেন অনেক চালক। নগরের ৮ নম্বর রুটের বাসচালক আলী হোসেন বলেন, ‘চট্টগ্রামে থাকা-খাওয়া মিলিয়ে অনেক খরচ। তাই আমাদের ঈদের দিনেও কাজ করে আয় করতে হয়।’ এদিকে ঈদের দিন থেকেই নগরের বিনোদনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এসব প্রতিষ্ঠানের কর্মীদেরও এই দিন ব্যস্ত সময় কাটাতে হয়েছে।