ঈদ-খাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো খাটাই কষ্টকর। তা সে বেগার খাটাই হোক বা ভাড়ায় খাটা হোক। তবে পুলিশের খাটা পাবলিকের খাটার চেয়ে একটু আলাদাই বটে। এতে কষ্ট আছে, আনন্দও আছে। আমাদের পুলিশ বাহিনীতে, বিশেষ করে ফোর্সের মুখে মুখে তাই খাটা শব্দের বহুবিধ ব্যবহার। যেমন ‘ছুটি খাটা’ অর্থ ছুটি ভোগ করা, ‘মিশন খাটা’ মানে শান্তি মিশনে কাজ করা, ‘হিল খাটা’ হলো পার্বত্য অঞ্চলে কিছুদিন চাকরি করা। বাংলা অভিধান ঘেঁটে খাটা শব্দের খাঁটি অর্থগুলো খুঁজলে হয়তো আমাদের এই খাটাখাটুনির ব্যাপক সমালোচনা হতে পারে, তবে আপাতত কোনো বিকল্প না থাকায় আমাদের এই খাটুনি চলতেই থাকবে বোধ করি। আর আমাদের খাটুনি বন্ধ হলে পাবলিকের ভোগান্তি বাড়বে, তাই আমরাও খেটে চলি নিরন্তর।

পেশাগত খাটাখাটুনির মধ্যে ছুটি খাটা অর্থাৎ ছুটি ভোগের সুযোগ আমাদের হয়, তবে সংগত কারণেই তা খুবই সীমিত। বিশেষ করে ঈদ বা কোনো বড় উৎসবে আমাদের ছুটি খাটার সৌভাগ্য খুব কম সময়ই হয়। তাই বলে আমাদের ঈদের আনন্দে খুব বেশি ভাটা পড়ে না। ঈদের প্রতিটি মুহূর্তের উচ্ছ্বাস আমরা উপলব্ধি করি কাজের মধ্য দিয়েই। আমাদের ‘ঈদ-খাটা’ শুরু হয়ে যায় ঈদের বেশ কিছুদিন আগে থেকে। ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। দিবারাত্রির টহল বাড়ে। হাটে-বাজারে নিরাপত্তা জোরদার করা হয়। আমাদের তখন দম ফেলার সময় থাকে না।

ছোট্ট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঈদের আনন্দকে যেমন ম্লান করে দিতে পারে, তেমনি আমাদের সব পরিশ্রমকেও বৃথা করে দিতে পারে। তাই ঈদের সময় আমরা থাকি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক। ঈদের উচ্ছ্বাস যত বাড়ে, আমাদের দায়িত্বও তত বেড়ে যায়। রাস্তায়, ফুটপাতে, বিপণিবিতানে, গরুর হাটে, কাঁচা বাজারে, বাস টার্মিনাল বা রেলস্টেশনে কোথায় নেই আমাদের পদচারণ।

রাস্তায় দাঁড়িয়ে ঈদের চাঁদ দেখি, আর দেখি মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঘরফেরা মানুষের মুখের হাসি দেখে ঘর ফিরতে না পারার কষ্ট কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাই। মাঝরাতে যখন টহল দিই অলিতে-গলিতে, বাড়ি ফেরা শহরের মানুষের ফাঁকা ঘরগুলো দেখে মনে হয় ঈদের ছুটিতে এই ঘরগুলোও যেন কিছুদিন বিশ্রাম নিচ্ছে। আমাদের বিশ্রামের সুযোগ থাকে না ঈদের ব্যস্ততায়। ঈদের দিন ভোরবেলা সবার আগে ঈদগাহে যাই। ঈদের নামাজ পড়ার সুযোগ সব সময় হয় না। কারণ, সতর্ক পাহারা দিতে হয় পুরা পোশাকে (ইউনিফর্ম পরে)। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঈদের খুশি ম্লান করে দিতে না পারে, সে জন্যই আমাদের সব প্রচেষ্টা।

ঈদের দিন রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে বেশ সুবিধা হয় ট্রাফিক পুলিশের, যদিও কিছুটা একাকিত্ব অনুভব হয়। ঈদের দিন বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানা, পর্যটনকেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া মানুষের ভিড়। প্রিয়জনকে সঙ্গে নিয়ে মানুষ বেড়াতে আসে এসব স্থানে। এত মানুষের ভিড়ে পোশাক পরা কিছু মানুষ থাকে, যারা তাদের প্রিয়জন থেকে অনেক দূরে। দায়িত্ব পালনের পাশাপাশি তারা প্রিয় মানুষের মুখ খুঁজে নেয় অন্য মানুষের মুখে। সাধারণ মানুষের ভিড়েই আমাদের পরিবার–পরিজনদের বসবাস। হয়তো এই শহরের ভিড়ে নয়, অন্য কোনো ভিড়ে, যেখানে আমাদের মতো কেউ দায়িত্ব পালন করছেন।

তাই সব ক্লান্তি ভুলে আমরা দায়িত্ব পালন করি। যখন সবকিছু ঠিকঠাক থাকে, মানুষের উৎসব হয় বাধা–বন্ধনহীন, তখন কেউ ধন্যবাদ না দিলেও কোনো ক্লান্তিই আর ক্লান্তি মনে হয় না। কারণ, আমরা জানি, আমাদের কাজটাই এমন, অনেকে বলে থ্যাংকসলেস জব। আবার যখন কোনো গোলমাল বাধে, ছোট্ট কোনো দুর্ঘটনার কারণে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে যায়, তখন ক্লান্তিটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে। সেই সঙ্গে হতাশা ভর করে মনে। অবশ্য এই ক্লান্তি বা হতাশা বেশিক্ষণ থাকে না। কর্তব্যের চাপে সব ভুলে আবার আমরা নেমে পড়ি মাঠে।