ঈদ চলত সাত দিন ধরে

আমাদের গ্রামের বাড়ি ফটিকছড়ি হলেও ঈদ করতাম নগরের জামালখানের বাসায়। ঈদের আনন্দ আয়োজনের প্রস্তুতি চলত রোজার শুরু থেকে। পোশাকের ডিজাইন কী হবে, এ নিয়ে জল্পনার শেষ থাকত না। এরপর ঈদের দিন যখন ঘনিয়ে আসত তখন ঘুম হারামের অবস্থা হতো। এটা কেনা, ওটা কেনা কত বায়না যে বাবা-মায়ের কাছে ছিল তার কোনো শেষ নেই। সবার ঈদ এক দিন হলেও আমাদের ঈদ চলত সাত দিন ধরে। পোশাকও কেনা হতো সাত দিনের জন্য সাতটা। বেড়ানোই ছিল মুখ্য। বলা যায়, চট্টগ্রাম শহর চষে বেড়ানোর মতো। আমার তিন বোন মিলে আত্মীয়স্বজনের বাসায় তো বটে শহরের আনাচ-কানাচে নানা স্থানে বেড়াতে যেতাম। কোথায় কখন যাব এই পরিকল্পনা আগে থেকে করা থাকত। মজার ব্যাপার ছিল সেলামি। প্রচুর সেলামি পেতাম।
এখন তো সবকিছুই পাল্টে গেছে। আগে নিজে নিতাম, এখন দিতে হয়। এতেও আনন্দ আছে। তবে ছোটবেলার মতো না। তা ছাড়া কাজের জন্য ঢাকায় থাকতে হচ্ছে। নাটকে অভিনয় ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটছে। রোজার শুরু থেকে চাপ এত বেশি ছিল দম ফেলারও যেন ফুরসত পাচ্ছি না। তবে ইচ্ছা আছে চট্টগ্রাম যাওয়ার। আমার মা-বাবা, দুই বোন, বন্ধুবান্ধব সবাই তো চট্টগ্রামে। তাঁদের সঙ্গে ঈদ করতে না পারলে খুব খারাপ লাগবে। চেষ্টা থাকবে যেভাবেই হোক অন্তত ঈদের দিনটি তাঁদের সঙ্গে যেন কাটাতে পারি।