ঈদ ধামাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বড় গরু
কোরবানি দিই ভাগে,
ইচ্ছে এবার জাগে—
একটা গরু একাই দেবো
তাই ছুটি গাবতলী
তার আগে ভাই বলি—
চাকরি করি মোটামুটি
বেতন যা পাই তাতে—
মাসের শেষে দু–তিন হাজার
জমা থাকে হাতে।
গরু নিয়ে ফিরব বাড়ি
প্রশান্তিতে বুক—
উঠছে ভরে গান গাইছি
আহ্ কী মনে সুখ!
ঘুরছি হাটে মূল্য শুনে
দু চোখ ছানাবড়া
একলা গরু দিতে গিয়ে
খেলাম বুঝি ধরা!
দুপুর গড়ায় বিকেলও শেষ
সন্ধ্যা হয়ে আসে
একটা নাদুস-নুদুস গরু
চোখে শুধু ভাসে।
পছন্দ হয় ছোটোখাটো
যেই গরুটাই, তার—
মূল্য শুনে হচ্ছি অবাক
খাই খাবি বারবার।
মুঠোফোনে ভাগীদারের
সঙ্গে কথা বলে—
জানতে পারি গরু কিনে
সবাই গেছে চলে।
কী আর করা খেলাম ধরা
একটা বড় খাসি—
কিনে আমি ফিরছি বাড়ি
নেই মুখে সুখ-হাসি।
আমি-খাসি হাঁটছি দুজন
হাঁটছি পাশাপাশি।