ঈদ পোশাকের প্রদর্শনী
জলে ভেজা লাল গোলাপের পাপড়িগুলো থেকে ছড়াচ্ছিল রঙিন আভা। ভেতরে ঢুকতেই ফুলেল আভা যেন আরও গাঢ় হলো পোশাকের ফুলেল নকশায়। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে ডি থ্রি আয়োজিত ঈদের পোশাক প্রদর্শনী। ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত। কথা হলো প্রদর্শনীর আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার মির্জা সাফারূহের সঙ্গে। ফ্যাশন নিয়ে শখের বসে পড়ালেখা করেন তিনি। ২০০৭ সালে ফ্যাশন ডিজাইনারদের জন্য নেক্সজেন ডিজাইনার শীর্ষক একটি প্রতিযোগিতায় প্রথম হন তিনি। পোশাক নিয়ে কাজ করার আগ্রহটা এরপর পরিণত হয়ে যায় নেশায়। পরে মরিয়ম আকতার ও ফরহাদ সেলিমের সঙ্গে মিলে গড়ে তোলেন ডি থ্রি। ‘ইচ্ছা আর নকশার মিলনে আমাদের ডি থ্রির শুভ যাত্রা। ঈদের পোশাকের এ প্রদর্শনীর মাধ্যমে ডি থ্রির পোশাকের নান্দনিকতা আর সৌন্দর্য সবার মধ্যে উপস্থাপন করাটাই আমাদের উদ্দেশ্য।’ এভাবেই বলেন মির্জা সাফারূহ। এই প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, টপস, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না। দেশি তাঁত, সুতি আর অ্যান্ডি কাপড়ের এ পোশাকগুলোতে করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি আর লেইসের কারুকাজ। লাল, সবুজ, নীল, কমলাসহ রঙিন পোশাকগুলো থেকে আপনিও বেছে নিতে পারেন আপনার ঈদের পোশাকটি। প্রদর্শনী প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।