ঈদ-পোশাকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন পরেই ঈদ। আর ঈদের আগে নিজের সাজগোজের পাশাপাশি অনেকে সাজাতে চান ঘরদোর। শপিংমল বা শোরুমের ভিড় এড়িয়ে প্রদর্শনী থেকেই কিনতে পারেন আপনার প্রিয় ঈদ-পোশাক আর ঘরের নানা দরকারি জিনিস। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে ২৭ জুলাই থেকে শুরু হয়েছে বিশেষ ঈদ পোশাক প্রদর্শনী। ‘উৎসব এর রঙ’ শিরোনামে পোশাক প্রদর্শনীটির আয়োজন করেছে নতুন অনলাইন বুটিক শপ পারিসা। প্রদর্শনীতে শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তাসহ নানা পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিছানার চাদর, কুশন কভার, টেবিলম্যাট ইত্যাদি গৃহস্থালি ব্যবহার্য জিনিস। প্র্রদর্শনীর পোশাকগুলোর নকশায় বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল রঙ, ফুলেল সমারোহ, জারদৌসি, চুমকি ও পুঁতি ইত্যাদি। আবার গ্রীষ্মকাল বলে আরাম আর স্বস্তির বিষয়টির প্রতিও লক্ষ রাখা হয়েছে। উৎসব প্রদর্শনীর মূল বিষয়বস্তু হলেও সাধারণ ও আটপৌরে ভাবটিকেও এড়িয়ে যাওয়া হয়নি। পারিসার সহ-কর্ণধার ও ডিজাইনার সেগুফতা আহমেদ জানান, এ প্রদর্শনীতে পারিসা তাদের ঈদ সংগ্রহ প্রদর্শন করেছে যার সবগুলোতেই রয়েছে উজ্জ্বল রঙ আর বৈচিত্র্যের ছোঁয়া। উৎসব মাথায় রেখেই পোশাকগুলো নকশা করা হয়েছে, আর তাই এই পোশাকে অনেক রঙ আর বৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের কালচারাল অ্যাটাশে আর্নো লোয়াজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সহপরিচালক জেহ্ম সাখ্বনো। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ১০ আগস্ট পর্যন্ত।