ঈদ ফ্যাশন ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এবার ক্যালেন্ডারের পাতা অনুযায়ী বাংলা ভাদ্র মাসে। এক্কেবারে তাল পাকা গরমের সময়ে। এ কারণে এবারের ঈদে পোশাক কিংবা সাজ বাছাইয়ের ক্ষেত্রে সবার মধ্যেই রয়েছে একটু বাড়তি সচেতনতা। ঈদের দিনে অনেক যাচাই-বাছাই করে কাপড় কিনে পরে যদি সারা দিন গরমে অস্বস্তির মধ্যেই থাকতে হয়, তাহলে কি চলে? এ বিষয়টি মাথায় রেখেই এবারের পোশাক নির্বাচন করতে হবে। ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, ‘আগে ঠিক করে নিন, কোন কাপড়ের পোশাক পরবেন। যেহেতু গরম, তাই সুতি, শিফন, মসলিন, অ্যান্ডি, লেইস, নেট—এ ধরনের সব কাপড়ই আরামদায়ক হবে। এসব কাপড়ে যেকোনো ধরনের নকশা, ছাঁট বা প্যাটার্ন যেমন ভালো ফুটে উঠবে, সারা দিন পরেও আরাম পাওয়া যাবে।’ বাজার ঘুরে দেখা গেল, এ ধরনের কাপড় দিয়ে বেশির ভাগ পোশাক তৈরি করা হয়েছে। সুতি একরঙা কাপড়ের পাশাপাশি সুতি কাতান, সুতি কাপড়ে অ্যামবোস করানো, সুইস ভয়েলের কদর দেখা গেল। ফ্যাশন হাউসগুলোও তাদের সালোয়ার-কামিজের সংগ্রহে নরসিংদীর সুতি তাঁত কাপড়ের পাশাপাশি ভয়েলের বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করেছে। জমকালো কামিজে মসলিন, অ্যান্ডি, মটকা ও শিফন ব্যবহার করেছে। এক দশক ধরে খাটো কামিজ রাজত্ব করেছে ঈদের বাজারে। গত কয়েক বছরে কামিজের লম্বা একটু একটু করে বাড়লেও তা মাঝারি উচ্চতা ছাড়ায়নি। এবারের ঈদ-বাজারে দেখা গেল লম্বা কামিজের চল। এ ক্ষেত্রে দুই ধরনের ফ্যাশন লক্ষণীয়। বেশ লম্বা কোনা বের হওয়া, বেশি ঘের বা কলিদার কামিজ—এই হলো এক ধরনের; আরেক ধরন হলো কলিদার নয়, শুধু দৈর্ঘ্যে বেশ লম্বা এমন কামিজ। এই দুই মিলিয়েই মূলত এবারের ঈদ-ট্রেন্ড। কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খান জানালেন, এবার লম্বা কামিজের প্যাটার্নে এ লাইন কাটটাই বেশি দেখা যাবে। কামিজের ঝুল নামবে হাঁটুর নিচে অন্তত দুই ইঞ্চি, তাই কামিজের পাশের কাটাও একটু লম্বা হবে। হাতের ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার বা ফুল স্লিভ প্রাধান্য পাবে। কামিজের সঙ্গে সালোয়ারের বদলে চুড়িদার, চোস্ত পাজামাই বেশি পছন্দ করবে তরুণীরা। আর ওড়নায় টাইডাই, ঝালর—এগুলোর পাশাপাশি কুঁচকানো বাঁধুনি থাকবে। বাজার ঘুরে আরও দেখা গেল, সালোয়ার-কামিজে পাইপিংয়ের যথেষ্ট ব্যবহার রয়েছে। কামিজে যেমন যেকোনো শেষের দিকে পাইপিং থাকবে, তেমনি কখনো কখনো কামিজের কলিতেও থাকবে পাইপিংয়ের ব্যবহার। গলায় পেছনে একটু উঁচু হয়ে সামনে এসে ‘ভি’ শেপই বেশি প্রাধান্য পাচ্ছে। কামিজের কাজের ক্ষেত্রে বাস্ট লাইন বা বুকের কাছে, নিচে থেকে ওপরে বা ওপর থেকে নিচে কোনাকুনি নকশাই প্রাধান্য পাচ্ছে। ট্রেন্ড অনুযায়ী সালোয়ার-কামিজ কিনতে যেতে পারেন আড়ং, মায়াসীর, কে ক্র্যাফট, যাত্রা, দেশাল, লামিজ, ড্রেসিডেল, বিবিয়ানা, নিপুণ, প্রবর্তনা, অঞ্জন’স, বাংলার মেলা, অন্যমেলায়। শাড়ি বা সালোয়ার-কামিজ যা-ই হোক না কেন, নকশায় মেশিন বা হ্যান্ড-এমব্রয়ডারিই বেশি জনপ্রিয়। খুব বেশি ছড়ানো নয়, বরং একটু কেন্দ্রীভূত নকশাই এবারের ফ্যাশন। আর এবারের ফ্যাশনে সব ধরনের রং একটু গাঢ়ই হবে। রুবি লাল, পান্না সবুজ, টোপাজের সোনালি, অ্যামেথিস্ট বেগুনি, ফিরোজা—এ ধরনের রংই বেশি প্রাধান্য পাবে। আর চলছে কাজ করা, পাড় বসানো শাড়ির ফ্যাশন। এমব্রয়ডারি, মখমলের পাইপিং, অ্যাপ্লিক, কাজ করা ভারী পাড়—এ নিয়েই মূলত জমকালো শাড়ির ফ্যাশন। এ ধরনের শাড়ির পাশাপাশি এবারে বুনন-বৈচিত্র্য সমৃদ্ধ যে শাড়িগুলো বেশি জনপ্রিয়, তার মধ্যে জুট হলো অন্যতম। অ্যান্ডির সঙ্গে হাফ সিল্কের মিশেলে তৈরি বিভিন্ন শাড়িও বেশ কদর পাবে। শাড়ির জন্য যেতে পারেন আড়ং, মায়াসীর, ড্রেসিডেল, অন্যমেলা, কে ক্র্যাফট, রঙ, প্রবর্তনা, অঞ্জন’স, বিবিয়ানা ও টাঙ্গাইল শাড়ি কুটিরে। শাড়ি ও কামিজের পাশাপাশি বাঙালি তরুণীদের এখনকার পছন্দ টপ বা ফতুয়া। কোর্তা কাটের পাশাপাশি এবার ট্রেন্ডে এসেছে পশ্চিমা কাটের টপ। থাকছে লেইস, বোতাম ও ফ্রিলের ব্যবহার। মাহিন খান বলেন, সাধারণত টপটা মেয়েরা ব্যবহার করবেন জিনস বা ফরমাল প্যান্টের সঙ্গে। আবার লম্বা ছাঁটের ফতুয়া পরবেন লেগিংসের সঙ্গে। ফতুয়া বা টপ যা-ই পরুন না কেন, মাহিন খানের মতে, প্রাধান্য পাবে প্যাটার্নের বৈচিত্র্য। ট্রেন্ডি টপস কিনতে যেতে পারেন আড়ংয়ের তাগা কালেকশন, ট্রেন্ডস, একস্ট্যাসি, ওয়েস্টেক্স, ড্রেসিডেল, মায়াসীর, যাত্রা, কে ক্র্যাফট, বিবিয়ানা ও দেশালে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঈদ-ফ্যাশনে গয়নার মূল ট্রেন্ড হবে দুই ধারার। ফ্যাশন বা কস্টিউম গয়না এবং গতানুগতিক গয়না। উপাদানে প্রাধান্য পাবে ব্রাস, ইমিটেশন, কাঠ, কড়ি, পুঁতি, সুতা, শেল ও সিরামিক। অনেক রঙের সমন্বয়—এই হলো ফ্যাশন গয়নার মূল থিম। প্রাধান্য পাবে বড় ও লম্বাটে আকৃতি। কানের দুল যেমন হবে অনেক বড় বড়, তেমনি গলার মালাতেও থাকবে কয়েকটি লহর। গতানুগতিক ধারার গয়নাতে সাদা ও হলদে সোনার পাশাপাশি রোজ গোল্ড বা গোলাপি সোনার প্রাধান্যও দেখা যাবে। আর প্রচলিত গয়নায় থাকছে মোগল আমলের নকশা। যেকোনো গয়নাতেই পাথরের ব্যবহার লক্ষণীয়। সোনা বা রুপার গয়নায় পাথরের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পলকি ও কুন্দন। সেই সঙ্গে রুবি, পান্না ও সোনালি টোপাজও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। তবে মসলিন শাড়ির সঙ্গে একটু প্রাচীন ঘরানার গয়না যেমন ভালো লাগবে, তেমনি মিনা করা গয়নাও এই শাড়ির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সিল্ক ও অ্যান্ডির সঙ্গে সোনার গয়না বা কুন্দনের গয়না এবারের ফ্যাশন ট্রেন্ড। পোশাকের সঙ্গে মিলিয়ে মানানসই গয়না কিনতে পারবেন অ্যারাবিয়ানস, গয়না ঘর, মম, আড়ং, মায়াসীর, পিরান, যাত্রা, অন্যমেলা, বিবিয়ানা, মাদুলি ও চাঁদনীচক থেকে। ব্যাগ ও স্যান্ডেলগত বছরের মতো এ বছরও ক্লাচ ব্যাগের ধারাই রয়েছে। তবে এতে বৈচিত্র্য এসেছে। ফ্যাশন ডিজাইনার মাহিন খান মনে করেন, বটুয়া বা বড় আকারের ব্যাগের চলটা কমেছে। মনোরম নকশা ও নানা আকারের ক্লাচ ব্যাগ ঈদ-ফ্যাশনে যুক্ত হয়েছে। আকারে কোনোটা একটু প্রশস্ত, কোনোটাতে দৈর্ঘ্য বেশি, খাম আকৃতি, গোলাকার ক্লাচ বেশ চলছে। সব বয়সের মেয়েরাই ব্যবহার করতে পারবেন। ব্যাগে পাথর, পুঁতি, কুন্দন, চুমকি বা কাতান পাড় ব্যবহার হয়েছে। ব্যাগ ও স্যান্ডেলের রং মিলিয়ে পরার ট্রেন্ড আছে। ফ্ল্যাট স্যান্ডেল এই ঈদেও ট্রেন্ডি। তাতে নানা কারুকাজ থাকছে। তবে বাজার ঘুরে দেখা গেল, স্টিলেটো বা একটু উঁচু হিলের ট্রেন্ডও রয়েছে।অন্দরসাজদেশী মোটিফ দিয়ে অন্দরসাজের যে ধারা, তার পাশাপাশি ক্রিস্টালের জিনিসের প্রতি ঝোঁক বেড়েছে। ক্রিস্টালের নানা আকারের ফুলদানি ও শোপিস এবার ঈদের ট্রেন্ডে যুক্ত হয়েছে। ঘরের পর্দা, বিছানার চাদরে গোলাপি, আকাশি, চাপা সাদা, নীল ও সবুজ রঙের প্রাধান্য থাকবে। আবহাওয়ায় ভেজা ভেজা ভাব থাকায় সুতির থেকে অন্য উপাদানের চাহিদা বেশি। সিল্ক, এন্ডি বা খাদির পর্দা বেশি ট্রেন্ডি। তবে কুশন কভার, সোফার কাপড়ে উজ্জ্বল রঙের ব্যবহার এবারের ধারা। এমনকি আসবাবের রঙেও উজ্জ্বল রং প্রাধান্য পাবে। খাবার টেবিল সাজাতে ন্যাপকিন, প্লেসম্যাট বা টেবিল রানারে উজ্জ্বল রঙের ব্যবহার বেশ ট্রেন্ডি।মেকআপ ন্যাচারাল কিন্তু উজ্জ্বল। এমনটাই হবে এবারের ঈদের মেকআপের মূলমন্ত্র। জানালেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।সকালের সাজটি হালকা হবে অন্য বেলার থেকে। চোখে হালকা বাদামি বা গোলাপি রঙের শ্যাডো লাগাতে পারেন। হালকা বাদামি বা গোলাপি রঙের ব্লাশঅন লাগানো যেতে পারে; তবে খুব সচেতনভাবে। খুব বেশি যাতে বোঝা না যায়। লিপস্টিকের বদলে হালকা বাদামি লিপগ্লস লাগাতে পারেন। লিপস্টিকের রং হিসেবে হালকা লাল, কমলা, পিচ, বাদামি, গোলাপি রং বেশ চলছে।আইশ্যাডোর রং হতে পারে পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা বিপরীত কোনো রং। এতে সাজে কিছুটা উজ্জ্বলতা আসবে। আইশ্যাডো লাগানোর আগে চোখের পুরোটা পাতায় বেজ রঙের শ্যাডো লাগিয়ে নিন। তারপর অন্যান্য রং ব্যবহার করুন। ব্লাশঅনের রং আইশ্যাডোর রঙের সঙ্গে মিলিয়ে পরতে পারেন। লালচে বা বাদামি রঙের ব্লাশঅনেই এখন ভালো দেখাবে। লিপলাইনার ব্যবহার আবার এসেছে। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন। লিপলাইনার ভালোভাবে লিপস্টিকের সঙ্গে মিলাতে হবে, যেন লিপলাইনারকে আলাদা লাইন না মনে হয়।রাতের সাজে চোখ খুবই গুরুত্বপূর্ণ। চোখের ওপর উজ্জ্বল নীল ও ধূসর আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে লাগালে দেখতে ভালো লাগবে। হাইলাইটার হিসেবে দিন উজ্জ্বল মভ বা রুপালি শ্যাডো। চোখের ভেতরের দিকে রুপালি বা গোলাপি-সোনালি আইশ্যাডো ঘষে দিন। রাতে হালকা গোলাপি বা মভ রঙের ব্লাশন ব্যবহারে আভিজাত্য আসবে। একই রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন।ঈদের আগের রাতে চুল ব্লো ড্রাই বা আয়রনিং করিয়ে রাখতে পারেন। এ ছাড়া দিনের বেলায় কাজের চাপ থাকলে চুল পাঞ্চক্লিপ বা কোনো ব্যান্ড দিয়ে আটকাতে পারেন বা আপনি একটি খোঁপা বা বেণি করে নিতে পারেন। এতে স্বস্তি পাওয়া যাবে। এখন বিভিন্ন ধরনের বেণি করার ট্রেন্ড চলছে।খেয়াল রাখুন—মেকআপ করার আগেই লেন্স পরে নিতে হবে। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াটারপ্রুফ এবং হাইপো-অ্যালার্জেনিক আই-মেকআপ ব্যবহার করতে হবে। চোখের ভেতরের দিকে ও চোখের কোলে লাইনার লাগাবেন না। লেন্স না পরলে আপনি চোখের পাতায় পেনসিল আইলাইনার লাগিয়ে চোখের কোলেও গাঢ় করে কাজল পরতে পারেন।ছেলেদের ফ্যাশন এবারের ঈদে ছেলেদের ফ্যাশনের ধারাতে বেশ কিছু নতুনত্ব লক্ষ করা গেছে। বিশেষ করে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে এই পরিবর্তন চোখে পড়েছে বেশি। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাঞ্জাবি নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি আবহাওয়াকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গরমের প্রভাব থাকায় সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদাই বেশি। ফ্যাশন হাউস একস্ট্যাসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিজাইনার তানজিম হক জানান, পাঞ্জাবি তৈরির ক্ষেত্রে সুতি বা হালকা কাপড়ের দিকে নজর দেওয়া হয়েছে। তবে এবারের পাঞ্জাবিতে খুব বেশি জৌলুশ বা বেশি কাজ করা হয়নি। তেমনি খুব লম্বা বা খুব খাটো নয়, মাঝারি আকারের পাঞ্জাবির চাহিদাই বেশি। তিনি আরও জানান, সাদামাটা সাজের মধ্যেই আভিজাত্য প্রকাশ পায় ও ফ্যাশন অটুট থাকে, এমন পাঞ্জাবির চাহিদা এবার বেশি। এবারের র‌্যাপচার নামের নতুন ফ্যাশনের পাঞ্জাবি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর বৈশিষ্ট্য হচ্ছে, মাঝারি আকারের বুক ফারা ও বোতাম লাগানো পাঞ্জাবি। তবে বুকের ওপরের প্লিটের আড়ালে বোতাম থাকলেও তা দেখে বোঝার উপায় নেই। এ ছাড়া বুক ও কলারে হালকা কাজ করা পাঞ্জাবির চাহিদাও রয়েছে। পাঞ্জাবিতে কাঠের বোতামের ব্যবহারটা এবার বেশি। এ ছাড়া ধাতব বোতামের ব্যবহারও লক্ষণীয়। বাজারে সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি থাকলেও সিল্ক, এন্ডি সুতি, জয়শ্রী সিল্ক প্রভৃতি কাপড়ের পাঞ্জাবির কদরও আছে। আর পাঞ্জাবির সঙ্গে সাধারণ ও চুড়িদার পায়জামার পাশাপাশি এবার জিনস প্যান্ট পরার প্রতিও আগ্রহ লক্ষ করা যাচ্ছে।এবার পাঞ্জাবির পাশাপাশি ছেলেদের শার্টেও কিছুটা নতুনের হাওয়া লেগেছে। ফ্যাশন হাউস স্মার্টেক্সের বসুন্ধরা সিটির ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, এবারে ক্যাজুয়াল শার্টের দিকে ছেলেদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। ফুলহাতা ক্যাজুয়াল শার্টের হাতায় ভাঁজ ও এতে বোতামের দিক আটকানো—এ ধরনের শার্ট বেশি চলছে। এর পাশাপাশি হাফহাতা সুতির ক্যাজুয়াল শার্টের চলটাও এবারে বেশি। এগুলোর পাশাপাশি ফরমাল হাফহাতা ও ফুলহাতা শার্টের চাহিদাও রয়েছে। এ ছাড়া পোলো টি-শার্টের দিকে আগ্রহও তরুণদের কোনো কমতি নেই। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে অনেকে চেইনওয়ালা বড় ডায়ালের ঘড়ি পরছেন। এ ছাড়া ফরমাল পোশাকের সঙ্গে ছোট ডায়ালের ফিতাওয়ালা ঘড়িও বেশ চলছে।পাঞ্জাবির সঙ্গে ছেলেরা এবার এক ফিতাওয়ালা স্যান্ডেল প্রাধান্য দিচ্ছেন। এর পাশাপাশি শার্ট বা অন্যান্য ক্যাজুয়াল পোশাকের সঙ্গে কেডস বা স্নিকারসও পরছে বলে জানান বিক্রেতারা।লেখা: ফারহানা আলম, রয়া মুনতাসীর, তৌহিদা শিরোপা ও মোছাব্বের হোসেন