ঈদ, মা এবং মসলার গল্প...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে আমার ইউকে তে আগমন। তারপর সবগুলো ঈদই দেশের বাইরে করতে হয়েছে। মেঘে মেঘে বেলা অনেক হয়েছে। ইতিমধ্যে কেটে গেছে নয়টি বছর। টেমস এর বুক দিয়ে গড়িয়েছে অনেক পানি, বিগবেন এ অনেক ঘণ্টা বেজেছে, পার করেছি কত হাড় কাঁপানো শীত। কত কিছু পাল্টেছে আমার জীবনে। পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরি করছি, বিয়ে করে ছেলের বাবা হয়েছি। কিন্তু একটি জিনিস এখনো আগের মতোই আছে।

কতগুলো ঘটনা ঘটলে আমরা বলি ঈদ আসছে, যেমন-আকাশে ঈদ এর চাঁদ ওঠা, বিটিভিতে ঈদের সংগীত ‘ও মোর রমজান এর ওই রোজার শেষে এল খুশির ঈদ’ প্রচার করা- ইত্যাদি। কিন্তু আমার কাছে আরও একটি ঘটনা ঈদ এর পূর্বাভাস নিয়ে আসত, আর সেটা হচ্ছে মসলার গন্ধ। হ্যাঁ, মসলার গন্ধ- আমার মা চাঁদ রাতে রাজ্যের সব মসলা নিয়ে বসত ঈদের রান্নার আয়োজন করতে। আর ওই গন্ধটা যখন আমি পেতাম, তখনই বুঝে যেতাম যে রূপকথার গল্পের মতো ঘোড়ার পিঠে করে মহা আনন্দের ঈদ আসছে। আর সেই ঈদে চমত্কার সব রান্না করবে আমার মাস্টারশেফ মা।

গল্পের এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে ‘মসলার গন্ধ’- সেই মসলার গন্ধ আমি এখনো পাই! ওই যে আগেই বলেছি একটি জিনিস এখনো আগের মতোই আছে আমার জীবনে। প্রতি ঈদের আগের রাতে মসলার তীব্র একটি ঘ্রাণ এসে আমার নাকে সুরসুরি দেয়। আমি চোখ বন্ধ করে কল্পনার টাইম মেশিনে করে অতীতে চলে যাই। স্পষ্ট দেখতে পাই একটি ছেলে রান্না ঘরে তার মায়ের চারপাশে ঘুরঘুর করছে। মসলার গন্ধ তাকে জানান দিচ্ছে যে কাল ঈদ। মা অনেক কিছু রান্না করবে- আহ, কি যে ভালো লাগে তখন! যখন চোখ খুলে বাস্তবে ফিরে আসি, তখনই মনটা খারাপ হয়ে যায়। কত দিন মায়ের হাতের ঈদের রান্না খাই না! প্রতি ঈদে ওই চোখ বন্ধ করে রাখা কয়েক মিনিটই আমার ঈদের উৎসব।