ঈদ মানেই দল বেঁধে সুন্দরবন ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কোলে আমাদের বসবাস। শাকবাড়িয়া নদীর ওপারে সুন্দরবন আর এপারে আমাদের আবাস। ছোটবেলা থেকেই উপভোগ করছি বনের অপরূপ সৌন্দর্য। নদীর ধার দিয়ে অবাধ যাতায়াত। সময় করে প্রায়ই বাল্যবন্ধুরা নৌকা নিয়ে চলে যেতাম সুন্দরীগাছের খুব কাছে। বানরের দুষ্টুমি আর পাখির গান শুনে মন জুড়িয়ে যেত। ভাটার সময় নদীর তীরে জেগে ওঠা চরে কত যে ফুটবলে পা চালাতাম, তার হিসাবে কে রাখে! তারপর একটা সময় হইহুল্লোড়, ঘোরাঘুরি আর প্রাকৃতিক পরিবেশে বিমোহিত হয়ে ফুরফুরে মন নিয়ে নীড়ে ফিরে আসা। এভাবেই সুন্দরবনের সঙ্গে আমাদের বেড়া ওঠা। কারণ, আমাদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

জীবনস্রোতে বন্ধুরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছি। এখন আর একসঙ্গে শিশুকালের মতো গ্রামে থাকি না সবাই। অনেকে জীবিকার জন্য বিভিন্ন জেলায় কর্মে নিয়োজিত। আবার আমরা বেশ কয়েকজন লেখাপড়া করছি বিভিন্ন প্রতিষ্ঠানে। কেউ ঢাকায়, কেউবা খুলনা শহরে। এখন আর সেই নিয়ম করে সুন্দরবনে যাওয়া হয় না।

শুধু দুই ঈদের ছুটিতে আমরা মিলিত হতে পারি প্রাণের গ্রামে। দীর্ঘদিন পর মিলিত হওয়ার এই সুযোগ আমরা কখনোই হেলায় হারাতে চাই না। আর তাই তো নিয়ম করে সব ছুটিতে সুন্দরবনের সংস্পর্শে দল বেঁধে চলে যাই। ছোটবেলার সুন্দর স্মৃতিতে ফিরে যাই। নতুন করে আবার ক্ষণিকের জন্য শিশুসুলভ আচরণ করে আসি প্রিয় বনের সঙ্গে।

২০১৬ সালের ঈদের আনন্দটাও স্মৃতিতে যত্ন করে ভরেছি। বলা চলে একটু বেশি করেই ভরেছি। তাই এখন সেটাই লিখছি। ঈদের পরের দিন ৮ জুলাই নুরুল ইসলাম, আমিরুল ইসলাম আর ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে আমরা নৌকা চালিয়ে দিই সুন্দরবনের দিকে। মাঝি হিসেবে ছিলেন মারুফ বিল্লাহ। আমাদের মধ্যে মারুফ বিল্লাহ নিয়মিত গ্রামে থাকেন। তিনি প্রায় প্রতিদিন বনে যান। জীবিকার জন্য মাছ, কাঠ, মধু আর গোলপাতা সংগ্রহ করেন। আমাদের অনেক ভুলে যাওয়া তথ্য নতুন করে জানিয়ে দিকনির্দেশনা দিচ্ছিলেন স্বতঃপ্রণোদিত হয়ে।

দিনটি ছিল শুক্রবার। ঈদের কয়েক দিন আগে থেকে অবিরাম বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল। কারণ, ওই দিন বৃষ্টি ছিল না। নৌকা যখন সুন্দরবনের দিকে এগিয়ে চলছিল, তখন শিশুকালের সেই অনুভূতি ফিরে এসেছিল। সুন্দরী, কাঁকড়া, গরান, কেওড়া প্রভৃতি গাছে চড়তে গিয়ে বানরের দেখাও পেয়েছিলাম। নুরুল মজা করে বলে উঠলেন এই দেখে, ‘বানর ভেংচি কেটে বলছে, আমার মতো গাছে চড়তে তোমরা পারবে না। পড়ে যাবে তখন মজা বের হবে কিন্তু।’

ভূমিতে খালি পায়ে বেশ কিছু দূর হেঁটে অ্যাডভেঞ্চারের সাধ নেওয়ার চেষ্টা করতেও ভুল করিনি। ছবির যুগে আমরা ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ করতে কেন ভুল করব? অনেক ছবি তুললাম, সেলফি তুললাম গোলপাতা আর সুন্দরীগাছ বুকে জড়িয়ে পৃথিবীর সর্ববৃহৎ উপকূলীয় বন আমাদের প্রিয় বাংলাদেশেরই সুন্দরবনের সঙ্গে। এত সুন্দর মুহূর্ত ডিজিটালে কেন ধরে রাখব না? এটা তো রীতিমতো অপরাধ। পাঠক, নিশ্চয়ই এ বিষয়টা ভালোভাবেই বুঝবেন। কী বলেন, পাঠক?

পরনে আমাদের সবারই লুঙ্গি ছিল। বাঘমামার ভয়ও ছিল কিন্তু। সে জন্য যাওয়ার সময় একটা দা নিয়ে গিয়েছিলাম। অগত্যা বাঘমশাই যদি সামনে পড়ে যায়, তখন যেন তাঁকে বলতে পারি, ‘বাঘমামা, সাবধান!’ আমাদের কাছে কিন্তু এই যে একটা দারুণ জিনিস আছে। কিন্তু একটাও বাঘের দেখা পেলাম না। সব কটি বাঘ হয়তো আমাদেরই সবচেয়ে বড় বাঘ ভেবে আগেই লুকিয়ে পড়েছে!

বারবার ফিরে আসুক এমন ঈদ। ফিরে আসুক ঈদে সুন্দরবন ভ্রমণের এই অমলিন মুহূর্তগুলো। বহুবার ফিরে যেতে চাই বানরের খুনসুটি দেখতে। বইঠা হাতে নৌকা নিয়ে গভীর অরণ্যে ভয়ে ছিমছাম নীরবতার অনুভূতিতে রোমাঞ্চকর পানিতে ভেসে চলতে চাই। নাম না জানা পাখির ডাকে অবাক হতে চাই বারবার। ওহ্, কী যে আনন্দ! মন চায় এখনই ফিরে যাই আরও একবার।