ঈদ মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে জানাই ঈদ মোবারক। সামনেই ঈদ। ঈদকে ঘিরে চলছে নানা রকম প্রস্তুতি। এর মধ্যেই কয়েকটি বন্ধুসভা এতিম-ছিন্নমূল শিশুদের গায়ে পরিয়ে দিয়েছে নতুন জামা। কেউ নিজের জামা পেয়ে খুশি হন আর কেউ কেউ অন্যকে নতুন জামা দিয়ে খুশি হন। বেশ কয়েকটি বন্ধুসভার খবর আমাদের হাতে এসেছে, যারা নতুন জামা দেবে অসহায় শিশুদের মাঝে। তাদের সবাইকে জানাই ঈদ মোবারক।
বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা ২০টি জেলায় বই পাঠিয়েছি। পাঠচক্রের জন্য। আমরা চাই বন্ধুসভার সবাই বইগুলো পাঠ করবেন। পাঠচক্রের এই বইগুলো বন্ধুসভার কার্যকরী কমিটির ২৫ জনের পড়াটা বাধ্যতামূলক। এর বাইরে যতজন পড়তে পারেন, ততই ভালো। আমরা চাই, একটি বই একাধিক জনে পড়ুন। একজনের পড়া শেষ হলে সেটি আরেকজনে পড়বেন। এটি হলে খুবই সুবিধা হয়। পর্যায়ক্রমে আমরা সারা দেশে বই পাঠানোর চেষ্টা করব। অনেক জায়গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইয়ের গাড়িও যায়। আমাদের চাওয়া সেই সব অঞ্চলের বন্ধুরা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য হয়ে বই সংগ্রহ করবেন এবং পড়বেন।
প্রথম পর্বের কয়েকটি বই বেশ কয়েকটি বন্ধুসভার বন্ধুরা পাঠ করে ফেলেছেন, তাঁদের আমরা অভিনন্দন জানাই।
পাঠচক্রের বই নিয়ে যে আলোচনা, পাঠচক্র আয়োজনের ছবি —এগুলোর সবই আমরা প্রকাশ করব আমাদের বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজে। কাজেই পাঠচক্র ছাড়াও সব ধরনের ছবি-সংবাদ ফেসবুক পেজের জন্য পাঠাবেন।
আই-জেনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল ২৩ জুন। ছয়টি মাইক্রোবাসে করে প্রায় ৩০ জেলার ৩৬ জন বন্ধু সারা দেশ চষে বেড়িয়েছেন। আই-জেনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে তাঁরা সহযোগিতা করেছেন স্থানীয় বন্ধুসভাকে। এটাই ছিল তাঁদের মূল দায়িত্ব। তাঁদের অভিজ্ঞতার ভান্ডার বিশাল। বন্ধুসভা সম্পর্কে, বন্ধুদের সম্পর্কে নানা অভিজ্ঞতা নিয়ে তাঁরা যাঁর যাঁর জেলায় ফিরেছেন। সেই অভিজ্ঞতাগুলো আমরা সাংগঠনিকভাবে হয়তো কাজে লাগাতে পারব। যাঁরা দ্বিতীয় পর্বের এই আয়োজনে ছিলেন, তাঁদের এবং পাশাপাশি সব জেলার বন্ধুদের অভিনন্দন।
রাজধানীর প্রায় সব বন্ধুসভার বন্ধুরা যাঁর যাঁর জেলায় যেতে শুরু করেছেন। অনেকে ইতিমধ্যে চলেও গেছেন। আমাদের বন্ধুরা-পাঠকেরা যে যেখানেই থাকুন না কেন ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। সবাইকে ঈদ মোবারক।