ঈদের চাঁদ দেখে সালাম না দিলে ঈদের চাঁদ রাগ করে। সে জন্য ছোটবেলায় চাঁদ দেখার সঙ্গে সঙ্গে খুব সতর্কতার সঙ্গে সালাম দিতাম। ঠিক মিলিটারিদের মতো। কোনভাবেই যেন ভুল হয়ে না যায়। ভুল করে ঈদের আনন্দ থেকে কোনোভাবেই বঞ্চিত হওয়া চলবে না।
‘আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকালে….’ এশার নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা শোনার পর থেকেই উত্তেজনায় বুকের ভেতর চিনচিন একটা ভাব হতো। কারণ পরদিন, এমন একটা দিন, সারা বছর যা হয় না, এই দিনটিতে তা হয়। সারা বছরের মধ্যে এই একদিনের জন্য নতুন জামা পাওয়া যায়। যত প্রকার পছন্দের খাবার আছে এই দিনে রান্না হয়। সব পছন্দের মানুষদের সঙ্গে দেখা হয়। এই দিনটিতে কোনো বাধা-নিষেধ থাকে না। সব আনন্দ এই দিনটিতে এসে উপস্থিত হয়। সেই দিনটির জন্য ভেতরে একটা চিনচিন ভাব তো হবেই।
চাঁদ রাত থেকেই আমার মা এবং দুই বোনের রান্নার প্রস্তুতি শুরু হয়। বড় ভাইয়ের দেরি করে ঘরে ফেরার জন্য বাবার তুলকালাম কাণ্ড। হাঁড়ি-পাতিলের ঠং-ঠং শব্দ আর কড়া মসলার ঘ্রাণে চোখ ভারী হয়ে আসে। ঘুমের মধ্যেই টের পাই শত বারণ সত্যেও আমার ছোট বোন হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। ফজরের আগে সেই ঘুম ভাঙে আমার বাবা এবং মায়ের ঝগড়ায়। মধুর ঝগড়া। বাবা চাচ্ছেন চুলাতে গোসলের গরম পানি বসাতে, মা দিতে চাচ্ছেন না। কারণ চুলায় রান্না বসিয়েছেন। ফজরের নামাজের মোনাজাত শেষে ইমাম যখন বলেন, ‘আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া লিল্লাহিল হামদ’, তখন থেকেই ঈদের পবিত্র আনন্দ এসে আমার ওপর ভর করে।
একবার আমাদের পাশের ফ্ল্যাটর ছোট্ট নাভিদকে সঙ্গে করে নিয়ে গেলাম ঈদের মাঠে। হাজারো মানুষ এসে জমায়েত হয়েছে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি ও আনন্দ লাভের আশায়। মাইকে ঘোষণা হলো ঈদের নামাজ পড়াবেন ইমাম আবদুল হাই। সঙ্গে সঙ্গে নাভিদ সোজা হয়ে দাঁড়িয়ে ছড়া আবৃত্তি শুরু করল,
‘আবদুল হাই করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই।’
আমি তার মুখ চেপে ধরে টেনে বসালাম। মোনাজাতের সময় যখন আমার দাদাজানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে নাভিদ তখন গিয়ে তার চোখের পানি মুছে দিতে দিতে বলল, ‘আমি আর কখনো এমন করব না। প্লিজ, কেঁদো না। প্লিজ।’
ঈদে নতুন জামা পরার ব্যাপারটা ছিল অনেকটা ফ্যাশন শোতে মডেলিং করার মতো। সবাই নতুন জামা পরে, বিশেষ করে মেয়েরা একে অপরের বাড়িতে যাচ্ছে। পুরো বাড়ির বাড়িওয়ালি খালা আম্মা ছিলেন অনেকটা রানির মতো। যারা ছোট তাদের দিতেন দুই টাকা, কিশোর-কিশোরীদের পাঁচ টাকা এবং তার থেকে বড়দের ১০ টাকা। সে সময় ১০ টাকার মূল্য অনেক। আমি ভাবতাম কবে বড় হব এবং ১০ টাকা পাব। ভাড়া বাড়িটি বিশাল দেয়াল দিয়ে ঘেরা। ছোটদের দরজার বাইরে যাওয়া নিষেধ। দরজা ধরে বাইরে তাকিয়ে থাকতাম। বাইরে, দূরে আনন্দের হাতছানি। ইচ্ছা হতো দূরে যাওয়ার।
সত্যি সত্যি সবকিছু দূরে সরে গেল। নাভিদরা বাসা বদল করে দূরে চলে গেছে। হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। দাদাজান চলে গেছেন পৃথিবী থেকে। হার্টে পেস মেকার বসানোর পর বাবা অনেকটা দুর্বল হয়ে গেছেন। সামান্য গরম পানির জন্য আগের মতো হইচই করতে পারেন না। ভাইয়াকে চাঁদ রাতে আগে আগেই ঘরে ফিরে যেতে হয়। তার ছোট্ট ছেলেটি তার জন্য অপেক্ষা করে। আমি গেটের বাইরে পা ফেলে চলে এসেছি সেই দূরে, দেশের বাইরে। এখনো ঈদ আসলে সেই আনন্দ স্মৃতি আমাকে ঘিরে ধরে। ভাবি, এখনো কী ঘরে ঘরে ঈদ আসে সেই আনন্দ নিয়ে? আমার বড় বোন যখন তার দুই ছেলেকে ঈদের জন্য প্রস্তুত করায় তাদের ভেতরটা কি উত্তেজনায় চিনচিন করে? ছোট ভাগনে আমাকে ফোন করে জানতে চায়, ‘মামা, তুমি কবে আসবে? আজকেই আস।’ আমি বলি, ‘আসব শিগগিরই। ঈদে ঘরে বসে থেকো না, আনন্দ করো। ঈদ মোবারক।’