ঈদ লেগেছে রান্নাঘরে খাবার ঘরে
প্রতিদিন সকাল-সন্ধ্যা রোগী দেখা। বাড়িতে ফিরে যেটুকু সময় পান, তার সবটুকুই ঢেলে দেন বাসাবাড়ির সৌন্দর্যবর্ধনে। নিজের মতো করে সাজিয়ে নেন প্রিয় রুমগুলো। উৎসবের আগে যত্নআত্তিটা যেন একটু বেশিই হয়। উৎসবটি যদি হয় ঈদ, তবে তো কোনো কথাই নেই। ঢাকার ধানমন্ডির বাসিন্দা শামসুন নাহার বলছিলেন কথাগুলো।আপ্যায়নের জন্যই বিশেষ খাবার তৈরি এবং তা সুন্দরভাবে পরিবেশনের জন্য ঈদের দিন খাবারঘর ও রান্নাঘর দুটির গুরুত্বই অন্য রকম। আর সে জন্য ঘর দুটির সাজসজ্জাটাও হওয়া চাই একটু ভিন্ন।প্রথমেই আসা যাক রান্নাঘরে। ঈদের দিন নানা স্বাদের মজাদার খাবার এ ঘরেই রান্না হয় বলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা আসে। রান্নার উপকরণ এবং তৈজসপত্রগুলো এলোমেলো করে না রেখে কাঠের তৈরি শেলফে সাজিয়ে রাখা যেতে পারে সুন্দরভাবে। জিনিসভেদে শেলফগুলো করতে পারেন আলাদা। যেমন, একটু দামি এবং বিশেষ দিনে ব্যবহার করার জন্য জিনিসগুলো রাখতে পারেন ওপরের শেলফগুলোতে। সব সময় দরকার হয় এমন জিনিস নিচের দিকের শেলফে রাখবেন, যাতে আপনি চাইলেই তা সহজে পেতে পারেন। ইচ্ছা করলে কাচ, মেলামিন, মাটি ও স্টিলের বাসন-কোসনও আলাদাভাবে রাখতে পারেন কিচেন শেলফে। তবে যেভাবেই রাখুন না কেন, তা যেন ঠাসাঠাসি না হয়ে যায়। এতে আপনার ব্যবহারের সময় অসচেতনতায় পড়ে ভেঙে যেতে পারে। রান্নাঘরের যে পাশে জানালা বা আলো আসে, এমন জায়গায় বসাতে পারেন কিচেন সিঙ্ক; যাতে সূর্যের আলোতে সিঙ্কের রোগজীবাণু ধ্বংস হয়ে যায়। গ্যাসের চুলা আপনি আপনার সুবিধামতো জায়গায় বসাতে পারেন। সাধারণত যে পাশে সিঙ্ক থাকে, তার অন্য পাশে চুলা বসাতে হয়; যাতে পানির সংস্পর্শে না আসতে পারে। তবে আপনি যদি চান রান্নাঘরের মাঝখানেও বসাতে পারেন গ্যাসের চুলা। এ ক্ষেত্রে চিমনিটি থাকতে হবে চুলার ঠিক ওপরে। ফলে রান্নাঘরে ধোঁয়ার সমস্যা আর থাকবে না। আর চুলার চারপাশে যথেষ্ট জায়গা থাকে বলে আপনি রান্না করতে পারবেন আরামে। রান্নাঘরে আপনি ছোট টবে গাছও রাখতে পারেন। এতে ঘরের সতেজ ভাবটি বজায় থাকে। এ ছাড়া বিভিন্ন রকম লাইটশেড কিংবা ল্যাম্পশেড রাখতে পারেন। এগুলো রান্নাঘরের শৈল্পিক ভাবটি ফুটিয়ে তোলে। শুধু তাই নয়, বাঁশ, বেত, স্টিল কিংবা মাটির বিভিন্ন শোপিসও ব্যবহার করতে পারেন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে।রান্নাঘরে খাবার তৈরির পালা তো শেষ। এবার খাবারঘরে খাবার পরিবেশনার পালা। শামসুন নাহার জানান, খাবারঘরের আসবাব হিসেবে অ্যান্টিক জিনিসপত্রই পছন্দ করেন বেশি। তবে রুচি ও পছন্দ অনুযায়ী এর পরিবর্তন হতে পারে। খাবার টেবিলটি এমন জায়গায় বসানো যেতে পারে, যেখানে প্রাকৃতিক আলো ভালোভাবেই আসে। আপনি চাইলে হালকা রঙের পর্দাও ব্যবহার করতে পারেন। এতে ঘরে স্নিগ্ধ ভাব আসে। টেবিলের ঠিক ওপরে ঝাড়বাতি ব্যবহার না করে যদি ঝুলন্ত মোমদানি কিংবা উজ্জ্বল বাতির পরিবর্তে লাইটশেড ব্যবহার করা যায়, তবে ঘরের স্নিগ্ধতা আরও বেড়ে যায়। এ রকম পরিবেশে অতিথি আপ্যায়নও হয় চমৎকার। খাবার টেবিলের সামনের দেয়ালে বড় কাচের আয়না রেখে দেন অনেকে। এতে ঘরটি আরও বড় মনে হয়। আয়নার সামনে কাঠের টেবিল রেখে সেটি সাজাতে পারেন দেশি-বিদেশি নানা উপকরণে। তবে লক্ষ রাখবেন, কোনোক্রমেই যাতে উপকরণ বেশি হয়ে না যায়। এতে সৌন্দর্যবর্ধন না হয়ে খাবারঘরের সৌন্দর্য হরণ হতে পারে। টেবিলের ওপর বেশি খাবার একসঙ্গে না রাখাই ভালো। ধীরে ধীরে সুন্দরভাবে খাবার পরিবেশনের মধ্যেই সার্থকতা। আপনি আপনার পছন্দমতো বিভিন্ন রঙের টেবিল ম্যাট ব্যবহার করতে পারেন। টেবিলটি উজ্জ্বল রঙের হওয়াই ভালো। ফলে তরকারির দাগ লাগলেও খুব একটা সমস্যা হবে না। টেবিল ম্যাট রেক্সিন, বেত কিংবা পাটের তৈরি হতে পারে। এগুলোর নকশাতেও আসতে পারে ভিন্নতা। টেবিলের ওপর গ্লাসস্ট্যান্ড ও গ্লাসকাভার সুন্দরভাবে সাজিয়ে রাখলে ভালো লাগে। টিস্যু পেপারের বক্সটিও রাখতে ভুলবেন না যেন। রেফ্রিজারেটর, ওভেন কিংবা ট্রলির মতো প্রয়োজনীয় জিনিসগুলো খাবারঘরে সুবিধাজনক জায়গায় বসানো ভালো। এতে খাবার পরিবেশন সহজ হয়ে যায়। এ ছাড়া খাবারঘরের এক কোনায় টবে গাছ লাগিয়ে ঘরের সবুজ সতেজ ভাবটিও বজায় রাখতে পারেন আপনি।