ঈদ শেষে মাছ সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলাও-কোরমা অনেক হলো। এবার চাই কম মসলাযুক্ত খাবার। শাহানা পারভীন দিয়েছেন মাছ, সবজি, ডালের এমন কয়েকটি রেসিপিবেলে মাছ ভুনাউপকরণ: বেলে মাছ আধা কেজি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: প্রথমে বেলে মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর রসুনবাটা, হলুদ, মরিচগুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। প্যানে আরও কিছু তেল দিয়ে তাতে বাকি মসলা দিয়ে কষাতে হবে এবং এক কাপ পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভাজা মাছ ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মাছ মাখা মাখা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করা যায়। মিষ্টি কুমড়ার বেসন ভাজাউপকরণ: মিষ্টি কুমড়া ৩০০ গ্রাম, বেসন ১ কাপ, কালিজিরা আধা চা-চামচ, আদাবাটা সামান্য, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি: মিষ্টি কুমড়া ধুয়ে চাক চাক করে কেটে লবণ ও চিনি মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। তারপর বেসন, কালিজিরা, লবণ, হলুদ, মরিচগুঁড়া, আদাবাটা ও পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে, যেন মিশ্রণটি সবজির গায়ে লেগে থাকে। এবার প্রতিটি মিষ্টি কুমড়া বেসনের গোলায় ডুবিয়ে লাল করে ভাজতে হবে।ছোলার ডালের লটপটিউপকরণ: মুরগির কলিজা, গিলা, মাথা, হাড় ৫০০ গ্রাম; সেদ্ধ ছোলার ডাল ১ কাপ, গাজর ১টি, আলু ২টি (মাঝারি), পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের ফালি ৫-৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৩ টুকরা, এলাচ ৪টি থেঁতো করা, লবঙ্গ ৮টি, জিরাবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো। প্রণালি: মুরগির গিলা, কলিজাগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। সসপ্যানে তেল দিয়ে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে মুরগি, আলু ও গাজর দিয়ে ভালো করে আরও একবার কষাতে হবে। পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করা যায়। কচুর লতি চচ্চড়িউপকরণ: লতি আধা কেজি, চিংড়ি মাছ ৮-১০টি মাঝারি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, নারকেলবাটা ১ টেবিল চামচ, সরষেবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো। প্রণালি: লতি পরিষ্কার করে কেটে ধুয়ে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ কাপ পানি দিয়ে কড়াইতে প্রথমে মাঝারি আঁচে পাঁচ মিনিট এবং মৃদু আঁচে ১০ মিনিট রাখতে হবে। মাঝখানে লতি একবার উল্টে দিতে হবে। ইচ্ছা হলে পাতলা পাতলা করে আমড়া কেটে দেওয়া যায় লতি চচ্চড়িতে। সবজি নিরামিষউপকরণ: সেদ্ধ করা ছোলার ডাল ১ কাপ, ঝিঙে ৫০ গ্রাম, পটোল ৫০ গ্রাম, মিষ্টি কুমড়া ৫০ গ্রাম, বেগুন ৫০ গ্রাম, আলু ১টি, (সব সবজি ডুমো করে কাটা) পুঁইপাতা ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, নারকেলবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া সামান্য, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, ঘি আধা কাপ, পানি ২ কাপ, তেজপাতা ২টি, আস্ত জিরা ১ চিমটি।প্রণালি: সসপ্যানে ঘি দিয়ে তাতে তেজপাতা, আদাবাটা, পেঁয়াজকুচি, জিরাবাটা, নারকেলবাটা, হলুদগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ডাল ও সব সবজি দিয়ে নেড়েচেড়ে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে কাঁচা মরিচ দিতে হবে। সবশেষে ঘিতে আস্ত জিরার ফোড়ন দিয়ে গরম গরম পরিবেশন করা যায় সবজি নিরামিষ। কুমড়াপাতায় টাকি মাছের চপউপকরণ: কুমড়াপাতা ৫-৬টি (একটু ভাপ দিয়ে নেওয়া), টাকি মাছ তিনটি (বড়), সামান্য হলুদ, লবণ ও তেল দিয়ে লাল করে ভেজে কাঁটা বেছে নিতে হবে। সেদ্ধ আলু ১টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২টি, ধনেপাতাকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।মিশ্রণ তৈরি: চালের গুঁড়া ১ কাপ, বেসন আধা কাপ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার কুমড়াপাতা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে একটি পুর তৈরি করতে হবে। পুর গোল গোল করে প্রতিটি কুমড়াপাতার মাঝখানে রেখে পেঁচিয়ে মিশ্রণে চুবিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে। এই চপ সস দিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করা যায়। পুরভরা পটোল তরকারিউপকরণ: পটোল ৪টি, চিংড়ি মাছ ৮-১০টি, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ।মিশ্রণ তৈরি: ময়দা বা বেসন ১ কাপ, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।প্রণালি: পটোল ধুয়ে খোসা ফেলে মাঝখানে কেটে দুই টুকরা করে দানা ফেলে দিতে হবে। চিংড়ি মাছ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, লবণ, আদা ও রসুনবাটা একসঙ্গে হাতে মেখে পুর তৈরি করতে হবে এবং পটোলের মাঝখানে ভরে দিয়ে বেসনের তৈরি মিশ্রণে ডুবিয়ে ভেজে নিতে হবে।