

সবকিছু বিশেষ ছিল সেদিন। আড়ংয়ের বিশেষ সদস্য ও ক্রেতারা ঈদের আগে ফ্যাশন হাউসটির বিশেষ সংগ্রহ (এক্সক্লুসিভ) দেখার সুযোগ পান। ৪ জুন ঢাকার ধানমন্ডির আড়ংয়ে গিয়ে দেখা গেল ঈদের শাড়ি, সালোয়ার-কামিজ পরে মডেলরা ঘুরছেন। তাঁদের সঙ্গে ক্রেতারা ছবি তুলছেন, পরামর্শ নিচ্ছেন। যেহেতু আগেই অর্ডার করার সুযোগ ছিল তাই অনেককে দেখা গেল লাইন করে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছেন। গণমাধ্যমের জন্য মডেলরা আড়ংয়ের বিভিন্ন তলায় গিয়ে ছবি তোলার পোজ দেন।
‘ঈদ কালেকশন প্রিভিউ ২০১৬’ নামের এই প্রদর্শনীতে বোহিমিয়ান ট্রেন্ড, জাপানিজ আর্ট শিবরি ডায়িং, সমসাময়িক ভৌগোলিক ডিজাইন, হাতের কাজের নকশা,ঐতিহ্যবাহী কাঁথা ও জামদানি নকশার পোশাক ছিল। এ ছাড়া ফ্যাশনের অন্যান্য অনুষঙ্গ গয়না, ব্যাগ, জুতা, স্যান্ডেল প্রদর্শন করা হয়। বাদ যায়নি শিশুদের পোশাক, জুতাও। ঘর গৃহস্থালি সাজানোর জিনিসপত্রে এসেছে নতুন মাত্রা।
নতুন শাখা
৩ জুন শুক্রবার আরও একটি নতুন শাখা চালু করল টাঙ্গাইল শাড়ি কুটির। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে কনকর্ড পুলিশ প্লাজায় তাদের এই ষষ্ঠ শাখার উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাংবাদিক মুন্নী সাহা৷
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনিরা ইমদাদ জানালেন, গুলশানে একসময় টাঙ্গাইল শাড়ি কুটিরের শাখা ছিল৷ কিন্তু একসময় তা বন্ধ করে দিই৷ সমস্যায় পড়েন এই এলাকার ক্রেতারা৷ যে কারণে পুলিশ প্লাজায় আবারও যাত্রা শুরু করল টাঙ্গাইল শাড়ি কুটির৷
এই শাখা ঘুরে দেখা গেল, তাঁতে বোনা টাঙ্গাইল শাড়ির পাশাপাশি জামদানি, বেনারসি আর কাতানের আয়োজন রয়েছে এখানে। উদ্বোধনের আগে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়৷ সানজিদা লুনার কোরিওগ্রাফিতে টাঙ্গাইল শাড়ি কুটিরের ঈদ সংগ্রহের শাড়ি পরে মঞ্চে হাঁটেন মডেলরা৷