
প্রতিবারের মতো এবারও ঈদের দিন সকালে পরিবারের সবার সঙ্গে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাবেন শায়না। আত্মীয়স্বজনের সঙ্গে ঘুরে বেড়িয়ে বেশ মজা করেন। এই সময়ে শায়না আমিনের সাজ-পোশাকটা থাকে একদম পাশের বাড়ির মেয়েটির মতো।
দুপুরের পর ঢাকায় ফেরা হবে। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন। ঢাকায় ঘোরাঘুরি মানে গাড়িতে চড়ে বেড়ানো আর বাইরে খাওয়া। এই সময়ে একটু অভিজাত সাজেই সাজবেন। পরবেন লম্বা ঝুলের কামিজ। পছন্দের রং নীল অথবা সাদার মধ্যেই কিনবেন এবারের ঈদের পোশাক। ঈদ যেহেতু গরমে হচ্ছে, তাই সাদায় সতেজতা আসবে বলেই মনে করেন শায়না। তবে পোশাকের রং যেটাই হোক, কাজ হবে জমকালো। লম্বা হাতা আর উঁচু গলার নেটের কামিজের সঙ্গে মিলিয়ে পরবেন লেগিংস বা চুড়িদার। খুব চড়া নয়, মেকআপ হবে হালকাই। চোখ আর চুলের সাজ নিয়ে শায়না বললেন, ‘আমার চুলটা বেশ লম্বা আর হালকা কোঁকড়ানো, তাই অনেক সময়ে আয়রন করে ফেলি। তবে ঈদের দিন আয়রন না করলে একটু টুইস্ট করে বেণি বেঁধে নেব। গরম লাগলে উঁচু করে খোঁপা বেঁধে নেব। হালকা মেকআপ নিলে চোখে লেন্স পরি আর মাসকারা দিই। কাজল দিই খুবই কম।’
গয়না ঈদে খুব কমই পরেন শায়না। তবে ইচ্ছে হলে ছোট্ট একটা দুল পরতে পারেন।