ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়
মোবাইল ফোনের ব্যবহার সবে বাড়ছে। সবার হাতে না হলেও অনেক তরুণ তখন মোবাইলে আকৃষ্ট। সেলফি তো দূরে থাক, ক্যামেরাওয়ালা মোবাইলের চলনও তখন শুরু হয়নি। সেইকালে আমারও একটা মোবাইল ছিল। এখনকার সবচেয়ে সস্তা নকিয়া-১১০০ মডেলের সেটই সে সময়ে ছিল অভিজাত। তরুণদের মোবাইলে প্রেম মানেই এসএমএস বিনিময়। সাত টাকা মিনিটে প্রেমালাপ কারার সাধ্য আমার মতো অনেকেরই ছিল না। সেই সময় একটেল নামের একটি কোম্পানি সিম কিনলে তিন মাসের জন্য এসএমএস ফ্রি অফার দিল।
তরুণেরা হুমড়ি খেয়ে পড়ল। প্রায় তরুণের কাছে একটেলের সেই সিম। ইংরেজি অক্ষরে বাংলা লেখা শেখার নিয়মকানুন পত্রিকায় ছেপে দিল সিটিসেল। শুরু হলো বাংলিশ এসএমএস বিনিময়। এসএমএস লিখতে লিখতে রাত শেষ। (এখনকার তরুণেরা হয়তো ভাবতে পারে কত কষ্টই না ছিল সেই সময়ে)। এসএমএসের ভাষায় সাহিত্যচর্চাও শুরু হলো। বিশেষ করে ঈদের সময় কার এসএমএস কত সুন্দর, তার একটা প্রতিযোগিতাও চলত। ঠিক সেই সময় একটি ঈদ ম্যাগাজিনের সম্পাদকীয় থেকে দুটি লাইন টুকে নিলাম, ‘ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়।’
ইংরেজি অক্ষরে এ রকম বাংলায় তিন-চারটি এসএমএস লিখে রাখলাম ঈদের রাতে সবাইকে পাঠানোর জন্য। কাকে কোনটি পাঠাতে হবে ঠিক করে রাখলাম। ভালোবাসা শব্দের এসএমএসটার জন্য নির্বাচিত হলো বিশেষ কেউ। ঈদের দিন যথারীতি এসএমএস পাঠানো হলো। অনেকেরই ফিরতি এসএমএস পাচ্ছি। কিন্তু সেই বিশেষ ব্যক্তির কোনো উত্তর নেই। মনটা কেমন যেন হতাশই হয়ে গেল। ধৈর্য ধরে দুপুর পর্যন্তও থাকতে পারলাম না। সেই এসএমএস পাঠালাম আরও কয়েকজনকে। এবার প্রায় সঙ্গে সঙ্গে জবাব পেলাম, প্রশংসাও পেলাম কিন্তু মন ভালো হলো না। সারা দিন কাটল। রাত এল। বিছানায় গা এলিয়ে ইনবক্সের এসএমএসগুলো পড়ছি। পাঠানো প্রতিটি মেসেজের ডেলিভারি রিপোর্টও ইনবক্সে জমা হয়েছে। একে একে সেগুলোও ডিলিট করছি। চোখ গেল কাঙ্ক্ষিত সেই নম্বরে। দেখলাম ডেলিভারি রিপোর্ট ‘মেসেজ সেন্ট ফেইল্ড’। আর একবার ধাক্কা খেলাম।