ঈদগাহ সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কত দিন এভাবে চলবে বলতে পারেন? রমজানের সময় রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল, আজও চলছে। আর এর খেসারত দিচ্ছি আমরা। এখানে সকাল-সন্ধ্যা সমানে যানজট লেগেই থাকে। কর্মক্ষেত্রে যাব তখনো জট, আবার বাসায় ফিরব তখনো ঘণ্টা পার করে দিতে হয় রাস্তায়।’ প্রচণ্ড ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন নগরের পাহাড়তলী আবুল বিড়ি কারখানা এলাকার মিলন রহমান। হালিশহরের বাসিন্দা আহমেদ মাওলা বলেন, ‘ঈদগাহের যানজটে পড়ে রমজানে অনেকদিন আমাকে পথেই ইফতার করতে হয়েছে।’ঢাকা ট্রাঙ্ক (ডিটি) রোড এলাকার ঈদগাহ সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি অনেকদিনের। জানা যায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এখানে বক্স কালভার্ট তৈরির কাজ শুরু হয় গত রমজানের মাঝামাঝি থেকে। ৫০ ফুট সড়কের অর্ধেক অংশের কাজ করা হচ্ছে। বাকিটা যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ জট। সিএনজি অটোরিকশা, টেম্পো, মোটরসাইকেল, রিকশা, ট্রাক-লরি, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস মিলে জট পাকিয়ে আছে। কারণ সড়কের একটি অপ্রশস্ত অংশ দিয়েই এগুলো চলছে। আশপাশের লোকজন বলেছেন, এখানে অটোরিকশা, টেম্পো, মোটরসাইকেল, রিকশাচালকেরা যে যাঁর খুশিমতো চলেন। এতে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। তার ওপর দিনের বেলায় চলাচলের নিষেধাজ্ঞা না মেনে ভারী যানবাহনগুলো বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে সারা দিনই যানজট লেগে থাকে। আর দীর্ঘ সময় সেই জট লেগে থাকে। এ ব্যাপারে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘দিনের বেলায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমরা আপাতত যানজট নিরসনের জন্য ঈদগাহ কালভার্টের দুপাশে দুজন কনস্টেবল নিয়োগ দিয়েছি সারিবদ্ধভাবে যান চলাচল তদারকির জন্য। এ ছাড়া ট্রাকগুলোকে ঈদগাহ কাঁচা রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।’সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের কাছে আপাতত কোনো বিকল্প উপায় নেই। একে কোনোদিকে ঘুরিয়ে দেওয়া (ডাইভার্ট) যাচ্ছে না। তা ছাড়া এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সড়ক একেবারে বন্ধ রাখাও সম্ভব নয়।’ তিনি আশা করেন, আগামী মাসখানেকের মধ্যে নির্মীয়মাণ সড়কের ২৫ ফুট অংশের কাজ শেষে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে কিছুটা স্বস্তি মিলবে। ডিসেম্বরের শেষনাগাদ পুরো সড়কের কাজ শেষ হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।