নগরের ঈদগাহ ঢাকা চট্টগ্রাম ট্রাংক (ডিটি) সড়কের নির্মাণাধীন বক্স কালভার্টের পাশের একাংশ ও সীমানাদেয়াল ভেঙে পড়েছে। এর মধ্য ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, লরির মতো ভারী যানবাহন চলছে। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও তা মানছে না কেউ। ফলে এ সড়কে তীব্র যানজট হচ্ছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, মূল সড়কের এক অংশে একটি বক্স কালভার্ট তৈরি হয়েছে। শ্রমিকেরা কালভার্ট বরাবর রাস্তার দুই দিকে মাটি খুঁড়ে সংযোগ সড়ক তৈরি করছেন। এর পাশেই জড়ো করে রাখা হয়েছে সড়কের ইট, বালুসহ নির্মাণসামগ্রী। ওই কালভার্টের ঠিক পাশেই সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশের সীমানাদেয়ালও ভেঙে গেছে। স্থানীয় রুস্তম আলী বলেন, ‘সড়কের এক অংশের কাজ সারতে এক বছর পেরিয়ে গেছে, বাকি অংশের কাজ কবে শেষ হবে কেউ জানে না। আশঙ্কার বিষয় হচ্ছে বাকি অংশে কালভার্ট তৈরির আগেই রাস্তা, সীমানাদেয়াল ভেঙে পড়েছে, সড়কের মাটি দেবে গেছে। এ অবস্থায় সরু পথ দিয়ে যেভাবে ট্রাক, বাস চলছে, তাতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত আগস্টে ৫০ ফুট সড়কে বক্স কালভার্ট তৈরির কাজ শুরু করে ঠিকাদার। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করার কথা থাকলেও এখনো ২৫ ফুট সড়কে কালভার্ট তৈরির কাজ বাকি রয়েছে। স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে দুজন ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণের কাজ করেন। তাঁরা একপাশে যানবাহন চলাচল বন্ধ রেখে অপর পাশে চালু রাখেন। কিন্তু এতে তাঁদের হিমশিম খেতে হয়। কারণ, চালকেরা খেয়াল খুশিমতো গাড়ি চালান। ফলে যানজট হয়। এখানে ট্রাফিক সাজেন্ট থাকা দরকার বলে মনে করেন তাঁরা। জানা যায়, যানজট নিরসনে উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদের নির্দেশে ঈদগাহ কাঁচারাস্তার মোড়ে একটি ফলকে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। এতে লেখা রয়েছে ‘ভারী যানবাহন প্রবেশ নিষেধ। আদেশক্রমে-ট্রাফিক বিভাগ, সিএমপি।’ উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ এ ব্যাপারে বলেন, ‘ঈদগাহ সড়কে যানজট নিরসনে ট্রাক, লরিকে কাঁচারাস্তার মোড় দিয়ে ঘুরে বন্দর সংযোগ সড়কে ধরে চলাচল করার জন্য বলা হয়েছে।’ তবে সরেজমিনে দেখা গেছে মালামাল বোঝাই ভারী যানবাহন এ এ প্রসংগে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ খানেকের মধ্যে সড়কের যে অংশে বক্স কালভার্ট তৈরি হয়েছে তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে ভোগান্তি কমবে। এরপর বাকি ২৫ ফুট সড়কে বক্স কালভার্ট তৈরি হবে। আশা করছি আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা যাবে।’