ঈদফ্যাশন ও সম্মাননা
‘নজরুল গ্রুপ ঈদ ফ্যাশন ও সম্মাননা ২০১০’ অনুষ্ঠান ৯ আগস্ট জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে ১৩ গুণী ফ্যাশন ডিজাইনারকে সম্মাননা পদক দেওয়া হয়। দুই ডিজাইনারকে দেওয়া হয়েছে উত্সাহব্যঞ্জক সম্মাননা। একজন ডিজাইনার মঞ্চে আসন নেওয়ার পর তাঁর তৈরি পোশাক পরে মঞ্চ আলো করেন একঝাঁক মডেল। সুরের ছন্দে ডিজাইনারদের ঘিরে মডেলদের ক্যাটওয়াক অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা। ফ্যাশন প্যারেডের ফাঁকে ফাঁকে ছিল নাচ আর গান। এতে প্রধান অতিথি ছিলেন নজরুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. মামুন সরওয়ার ও শেখ হাসান শহীদ। বক্তারা বলেন, ‘ঈদ ঘিরে অনেক আয়োজন হয়। সারা বছর যাঁরা পোশাকের নকশায় বৈচিত্র্য আনতে কাজ করেন তাঁরা থেকে যান নেপথ্যে। সেই নেপথ্যের কুশীলবদের সম্মানিত করা একটা ভালো কাজ।’সংবর্ধিত ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, ‘অ্যাক্টপ্লাস বরাবরই গুণীদের সমাদর করে। তাঁদের যাবতীয় কর্মকাণ্ড গুণী শিল্পীদের নিয়ে।’ এতে বক্তব্য দেন অ্যাক্টপ্লাসের নির্বাহী পরিচালক অনিন্দ্য টিটো, পরিচালক সাজ্জাদ বিন খালেদ, শাহনেওয়াজ রিটন ও ফাহমিদা খানম। এতে গান করেন শিল্পী মুনমুন ও জারিন। নৃত্য পরিবেশন পরিবেশন করে মায়াবী ডান্স হোম। কোরিওগ্রাফি করেন আজাদ। ফ্যাশন প্যারেডে ছিলেন মডেল কাজল, নিশু, করবী, অহনা, ঐশী, আরিফ।