ঈদবাজার ঘিরে যানজট
ঈদের বাজারে নগরের বিপণিকেন্দ্রগুলোর চারপাশে সকাল থেকে মধ্যরাত অবধি যানজট লেগেই থাকে। নগরের অতিরিক্ত যানবাহনের সঙ্গে এখন যুুক্ত হয়েছে মফস্বল ও শহরতলির গাড়িও। এই বেসামাল পরিস্থিতি সামাল দিতে পুলিশের যানবাহন শাখায় আরও ১৫০ জন কনস্টেবল মূল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন। পুলিশ সার্জেন্টসহ যানবাহন শাখার সব সদস্যের ছুটিও বাতিল করেছে কর্তৃপক্ষ।সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরের সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, নিউমার্কেট ও হকার্স মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, লাকী প্লাজা, শপিং কমপ্লেক্স ও আড়ং, ইউনুস্কো সেন্টার, মতি টাওয়ার, গুলজার টাওয়ারসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের সামনে যানবাহনের প্রচণ্ড ভিড়। বিপণিকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। গাড়ির ভিড় ঠেলে পায়ে হেঁটে যেতেও হিমশিম খাচ্ছে ক্রেতাসাধারণ। নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তা ও সদস্যরা প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যানজট সামাল দিতে ব্যস্ত আছেন।নিউমার্কেট ও জহুর হকার্স মার্কেটের চারপাশে শত শত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার জট। মফস্বল থেকে আসা বেশির ভাগ ক্রেতা ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এখানেই স্রোতের মতো ছুটছে। নিউমার্কেটের ক্রেতাদের গাড়ি রাইফেল ক্লাব ছাড়িয়ে নন্দনকানন, জুবিলী রোডের তিন পুলের মাথা ছাড়িয়ে এনায়েতবাজার মোড় পর্যন্ত এবং স্টেশন রোডের কদমতলীর মুখ পর্যন্ত ছাড়িয়ে গেছে। একইভাবে ষোলশহরের শপিং কমপ্লেক্স ও আড়ংয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার জট বেশি দেখা যাচ্ছে। মিমি সুপার, আফমি প্লাজা ও ইউনুস্কো সেন্টারের সামনে সারি সারি ব্যক্তিগত গাড়ি। উচ্চ-মধ্যবিত্ত ও উচ্চবিত্তের লোকজন এই তিনটি বিপণিবিতানে কেনাকাটার জন্য ভিড় করছে। তবে নাসিরাবাদ সিডিএ এভিনিউতে সানমার ওশান সিটি নিয়ে পুলিশের যত মাথাব্যথা। কারণ এখানকার যানজট নগরের উত্তরাংশের সঙ্গে দক্ষিণাংশের যোগাযোগ পুরোপুরি ভেঙে দেয়। তাই সেখানে তিন পালায় দুজন করে সার্জেন্ট ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন।উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সানমার ওশান সিটিতে ক্রেতাদের ভিড় বেশি। তাই গাড়ির সংখ্যাও বেশি। অথচ পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা নেই। তাই এখানে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দুজন করে সার্জেন্ট দায়িত্ব পালন করছেন। কারণ, একবার ওই এলাকায় যানজটের সৃষ্টি হলে গোটা নগরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। আমিও সন্ধ্যার দিকে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি।’একইভাবে ইউনুস্কো সেন্টারের সামনে রাত নয়টার পর অসংখ্য প্রাইভেট কারের জট দেখা দেয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত তা অব্যাহত থাকে। সেখানেও সার্জেন্ট ও কনস্টেবলরা যানজট নিরসন করতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। নগরের আগ্রাবাদ এলাকায় আখতারুজ্জামান সেন্টার ও লাকী প্লাজার অবস্থান। প্রতিদিন সন্ধ্যার পর সেখানেও শত শত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার জট লেগে আছে। পুলিশের যানবাহন শাখার সদস্যরা মধ্যরাত পর্যন্ত এই জট সামাল দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরের রিকশার বহরের সঙ্গে মফস্বল ও শহরতলির কয়েক হাজার রিকশা যুক্ত হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিবছর বেশি আয়ের আশায় চালকেরা শহরে আসেন। এ কারণে নগরের ঈদবাজারকেন্দ্রিক গাড়ির জট তীব্র হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, জহুর হকার্স মার্কেট, ষোলশহরের শপিং কমপ্লেক্স, চকবাজারের মতি টাওয়ার ও গুলজার টাওয়ারের সামনে হাজার হাজার রিকশার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার জট। নগরের বাইরে থেকে বিপুলসংখ্যক রিকশা ঢুকে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, ‘ঈদ উপলক্ষে প্রতিবছর এ কাণ্ড ঘটে। এতে আমাদের কষ্ট বেড়ে যায়। আসলে নগরের যানজট সৃষ্টির জন্য রিকশা দায়ী। কষ্ট হলেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।’ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পশ্চিম পটিয়ায় নিয়মিত রিকশা চালান আবদুর রহিম। বাড়তি আয়ের আশায় তিনি গত সপ্তাহে রিকশা নিয়ে শহরে চলে আসেন। আবদুর রহিম বলেন, ‘গ্রামের চেয়ে শহরে ভাড়া পাওয়া যায় ভালো। শহরে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় হচ্ছে। চাঁদরাত পর্যন্ত শহরে থাকব।’ হাটহাজারী থেকে রিকশা নিয়ে আসেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘প্রতিবছর আসি। এবারও এসেছি বাড়তি আয় করার আশায়।’ আয় কেমন হচ্ছে—জানতে চাইলে হুমায়ুন বলেন, ‘ভালো।’